গাদ্দাফি হত্যায় যুক্তরাষ্ট্র জড়িত: পুতিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাশিয়ার প্রধানমন্ত্রী ভ্লাদিমির পুতিন লিবিয়ার সাবেক নেতা মুয়াম্মার গাদ্দাফিকে হত্যার ঘটনায় মার্কিন বিশেষ বাহিনীকে অভিযুক্ত করেছেন। গতকাল বৃহস্পতিবার টেলিভিশনে সম্প্রচারিত বার্ষিক ভাষণে পুতিন এ অভিযোগ করেন। রাশিয়ার প্রধানমন্ত্রী অভিযোগ করেন, ‘যুক্তরাষ্ট্রেরসহ কয়েকটি চালকবিহীন বিমান (ড্রোন) গাদ্দাফিকে লক্ষ্য করে হামলা চালায়। এরপর মার্কিন বিশেষ বাহিনীর রেডিওর মাধ্যমে তথাকথিত বিদ্রোহী ও যোদ্ধাদের ডেকে আনা হয় এবং কোনো রকম বিচার বা তদন্ত ছাড়াই গাদ্দাফিকে হত্যা করা হয়। যদিও সেখানে মার্কিন বিশেষ বাহিনীর উপস্থিত থাকা উচিত হয়নি।’ গত অক্টোবরে নিজ শহর সির্তে গাদ্দাফি নিহত হন। রাশিয়া প্রাথমিকভাবে লিবিয়ায় ন্যাটোর বিমান অভিযানের ব্যাপারে সম্মত হলেও জাতিসংঘের নিরাপত্তা পরিষদে অভিযানের পক্ষে ভোটদান থেকে বিরত থেকেছে। এরপর দেশটি লিবিয়ায় ন্যাটোর অভিযানের তীব্র সমালোচনা করেছে। তবে এবারই প্রথমবারের মতো রাশিয়া গাদ্দাফি হত্যায় যুক্তরাষ্ট্রের জড়িত থাকার ইঙ্গিত দিল। টেলিভিশন অনুষ্ঠানে পুতিন মার্কিন সিনেটর জন ম্যাককেইনকেও আক্রমণ করে বক্তব্য দিয়েছেন। রিপাবলিকানদলীয় সাবেক এই মার্কিন প্রেসিডেন্ট পদপ্রার্থী পুতিনের একজন সমালোচক। চলতি মাসে ম্যাককেইন খুদে ব্লগ লেখার ওয়েবসাইট টুইটারে বলেছেন, শিগগিরই আরব বসন্ত রাশিয়াতে ছড়িয়ে পড়বে।রাশিয়ার চলমান বিক্ষোভ সম্পর্কে পুতিন বলেন, আইনের মধ্য থেকে বিক্ষোভ করা হলে তা মেনে নেওয়া হবে। গত সপ্তাহে রাশিয়ার পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়। তবে নির্বাচনে ব্যাপক জালিয়াতি হয়েছে বলে অভিযোগ এনে দেশটিতে ব্যাপক বিক্ষোভ হয়েছে। রাশিয়ার প্রধানমন্ত্রী বলেন, আগামী মার্চের প্রেসিডেন্ট নির্বাচনে তিনি ভোটকেন্দ্র-গুলোতে ওয়েব ক্যামেরা বসানোর কথা বলবেন। ওই নির্বাচনে তিনি প্রতিদ্বন্দ্বিতা করবেন। তদন্ত দাবি আয়েশারগাদ্দাফির মেয়ে আয়েশা তাঁর বাবা ও ভাই হত্যায় আন্তর্জাতিক অপরাধ আদালতের তদন্ত দাবি করেছেন। আয়েশার আইনজীবী নিক কাউফম্যান গত বুধবার এ কথা জানান। কাউফম্যান বলেন, তিনি আইসিসির কৌঁসুলি লুইস মরেনো ওকাম্পোর কাছে গাদ্দাফি ও তাঁর ছেলে মুতাসিমের হত্যার বিষয়ে আরও বিস্তারিত তথ্য জানতে চেয়ে একটি চিঠি লিখেছেন।ওই আইনজীবী আরও বলেন, ‘আয়েশা জানতে চেয়েছেন, তিনি (আইসিসির কৌঁসুলি) ওই হত্যার বিষয়ে তদন্ত করছেন, নাকি করছেন না। আর যদি না-ই করেন, তবে কেন করছেন না?’ এএফপিএএফপি ও বিবিসি।