গাদ্দাফিকে অস্ত্র ও প্রশিক্ষণ-সহায়তা দিতে চুক্তি করেছিলেন টনি ব্লেয়ার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার ক্ষমতায় থাকাকালে লিবিয়ার স্বৈরশাসক কর্নেল মুয়াম্মার গাদ্দাফিকে অস্ত্র ও প্রশিক্ষণ সহায়তা দিতে তাঁর সঙ্গে একটি চুক্তি করেছিলেন। দেশটির বর্তমান প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন এ চুক্তিকে ‘ঝুঁকিপূর্ণ’ বলে মন্তব্য করেছেন। গত সোমবার হাউস অব কমনসে লিবিয়া পরিস্থিতি নিয়ে বক্তব্য দিতে গিয়ে ক্যামেরন এ মন্তব্য করেন। সম্প্রতি ব্লেয়ার ও গাদ্দাফির মধ্যে সম্পাদিত সামরিক চুক্তির বিস্তারিত বিবরণ ফাঁস হয়ে যাওয়ার পর ক্যামেরনের এ অভিযোগ বিরোধী লেবার পার্টিকে বিব্রতকর অবস্থায় ফেলে দিয়েছে বলে বিশ্লেষকেরা মনে করছেন। তবে ব্লেয়ার আত্মপক্ষ সমর্থন করে বলেছেন, সে সময় লিবিয়াকে সামরিক সহায়তা দিতে চেয়ে তিনি ভুল করেননি। তাঁর মতে, যুক্তরাজ্য ও আন্তর্জাতিক সম্প্রদায়ের নিরাপত্তা সুরক্ষিত করার লক্ষ্যেই তিনি ওই চুক্তি করেছিলেন। যুক্তরাজ্যের সংবাদমাধ্যম ডেইলি মেইল বলেছে, ব্লেয়ার ও গাদ্দাফির মধ্যে সম্পাদিত চুক্তিগুলোর নথিপত্রের কপি তাদের হাতে এসেছে। ওইসব কপির বরাত দিয়ে তারা বলেছে, ২০০৭ সালের ২৯ মে ব্লেয়ার লিবিয়া সফর করেন। ওই দিন লিবিয়ার সার্তে শহরে প্রতিরক্ষা সহযোগিতা বিনিময়-বিষয়ক একটি চুক্তিতে ব্লেয়ার ও গাদ্দাফি সই করেন। চুক্তি অনুযায়ী যুক্তরাজ্য গাদ্দাফির সেনাবাহিনীকে অস্ত্র ও সামরিক সরঞ্জাম এবং প্রশিক্ষণ দিতে সম্মত হয়। শর্ত অনুযায়ী লিবিয়ার সামরিক সেনা কর্মকর্তাদের যুক্তরাজ্যের স্যান্ডহার্স্টে অবস্থিত রয়্যাল মিলিটারি কলেজসহ অন্যান্য ‘নামকরা সামরিক কলেজ ও প্রতিষ্ঠানে’ প্রশিক্ষণ দেওয়ারও পরিকল্পনা করা হয়। ফাঁস হওয়া নথির বরাত দিয়ে ডেইলি মেইল বলেছে, যুক্তরাজ্যের স্পেশাল এয়ার সার্ভিস (এসএএস) লিবিয়ার বিশেষ সামরিক বাহিনীর কর্মকর্তাদের প্রশিক্ষণ দিয়েছে। এ ছাড়া সরকার ব্রিটিশ অস্ত্র কোম্পানিগুলোকে লিবিয়ায় রাইফেল, বিস্ফোরক ও দাঙ্গা নিয়ন্ত্রক সরঞ্জামসহ নানা ধরনের সামরিক সরঞ্জাম সরবরাহ করার অনুমোদন দেয়। এতে দুই দেশের সামরিক কর্মকর্তাদের মধ্যে তথ্যবিনিময় ও প্রতিরক্ষা-ব্যবস্থার উন্নয়ন-সংক্রান্ত মতবিনিময়ের ওপর গুরুত্বারোপ করা হয়। চুক্তিতে যুক্তরাজ্য লিবিয়াকে সামরিক যান, যুদ্ধজাহাজ, জলসীমায় টহলদানকারী জাহাজ ও বিমান প্রতিরক্ষা-ব্যবস্থার উন্নয়নে সহায়তা করবে বলেও বলা হয়। গত সোমবার হাউস অব কমনসে লেবার পার্টির প্রধান এড মিলিব্যান্ড লিবিয়া থেকে ব্রিটিশ নাগরিকদের সরিয়ে আনায় দেরি হওয়ার বিষয়টি উল্লেখ করে প্রধানমন্ত্রী ক্যামেরনকে দুঃখ প্রকাশ করতে বলেন। এতে ক্যামেরন ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘দুঃখ প্রকাশের বিষয়টি যদি বিবেচনা করতেই হয়, তাহলে বিগত সরকার লিবিয়ার সঙ্গে যে ভয়ানক ঝুঁকিপূর্ণ চুক্তি করে গেছে, আপনাদের আগে সে কথা মাথায় রাখতে হবে।’এর আগে টনি ব্লেয়ার বলেন, লিবিয়ায় এখন যা ঘটছে তা রীতিমতো ভয়ানক। ইতিমধ্যে তিনি ক্ষমতা থেকে সরে যাওয়ার জন্য গাদ্দাফিকে কয়েকবার টেলিফোন করেছেন। ব্লেয়ারের দাবি, পরমাণু কার্যক্রম থেকে লিবিয়া সরে আসার পর লিবিয়াকে স্বৈরতান্ত্রিক শাসন-ব্যবস্থা থেকে মূলধারার রাজনীতিতে যুক্ত করতেই তিনি তাদের সঙ্গে চুক্তি করেছিলেন। বিশ্লেষকেরা বলেছেন, ব্লেয়ার মুখে যা-ই বলুন, বহু আগে থেকেই তাঁকে গাদ্দাফি ও তার ছেলে সাইফের ‘পারিবারিক বন্ধু’ বলে মনে করা হয়। ব্লেয়ার বলেছেন, লিবিয়া সরকারের সঙ্গে বা সে দেশের কোনো কর্মকর্তার সঙ্গে তাঁর কোনো আর্থিক সম্পর্ক নেই।তবে তাঁর সমালোচকেরা এ কথা পুরোপুরি মেনে নিতে রাজি নন। তাঁরা বলছেন, ব্লেয়ার বর্তমানে জে পি মরগ্যান নামের একটি ব্রিটিশ প্রতিষ্ঠানের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন। ওই প্রতিষ্ঠানটির সঙ্গে লিবিয়ার বাণিজ্যিক সম্পর্ক রয়েছে। ডেইলি মেইল অনলাইন।