গাদ্দাফিকে ক্ষমতা ছাড়তেই হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, লিবিয়ার নেতা মুয়াম্মার গাদ্দাফিকে ক্ষমতা ছাড়তেই হবে। ক্ষমতা না ছাড়লে তাঁকে জোর করে সরানো হবে। গত বৃহস্পতিবার ওয়াশিংটনে মধ্যপ্রাচ্য-নীতি নিয়ে দেওয়া এক ভাষণে ওবামা এ কথা বলেন। একই ভাষণে তিনি গণতন্ত্র প্রতিষ্ঠায় অন্তর্বর্তী সরকার নির্বাচনের পথ খুলে দিতে বা ক্ষমতা থেকে সরে দাঁড়াতে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের প্রতি আহ্বান জানান।ওবামা বলেন, সময় এখন গাদ্দাফির বিরুদ্ধে। দেশের ওপর তাঁর কোনো নিয়ন্ত্রণ নেই। বিরোধীরা একটি বৈধ ও গ্রহণযোগ্য অন্তর্বর্তী পরিষদ গঠন করেছে। তিনি বলেন, গাদ্দাফি যখন ক্ষমতা ছাড়বেন বা তাঁকে ক্ষমতা ছাড়তে বাধ্য করা হবে, তখন কয়েক দশকের উসকানির অবসান হবে এবং গণতন্ত্রের পথে লিবিয়ার উত্তরণ ঘটবে।ওবামার এই ভাষণে ন্যাটোর মহাসচিব অ্যান্ডার্স ফগ রাসমুসেনের বক্তব্যের প্রতিফলন ঘটেছে। এর আগে ন্যাটোর মহাসচিব বলেন, সামরিক ও রাজনৈতিক চাপ গাদ্দাফিকে দুর্বল করছে, যা তাঁকে ক্ষমতাচ্যুত করবেই।ওবামার বক্তব্যকে ‘বিভ্রান্তিকর’ বলে অভিহিত করেছে লিবিয়ার সরকার। সরকারি মুখপাত্র মুসা ইব্রাহিম বলেন, গাদ্দাফি ক্ষমতা ছাড়বেন কি না, সে সিদ্ধান্ত নেবে লিবিয়ার জনগণ; ওবামা নন।গাদ্দাফি সম্পর্কে ওবামার ভাষণকে স্বাগত জানিয়েছেন লিবিয়ার বিদ্রোহী পরিষদের ভাইস চেয়ারম্যান আবদুল হাফিজ ঘোগা। বেনগাজিতে তিনি বলেন, ন্যাশনাল ট্রানজিশনাল কাউন্সিলের বৈধতা সম্পর্কে ওবামার বিবৃতিকে তাঁরা স্বাগত জানাচ্ছেন।জাতিসংঘের মহাসচিব বান কি মুন বলেন, লিবিয়ায় অস্ত্র বিরতির চেষ্টা ব্যর্থ হয়েছে। দেশটিতে মানবিক সংকটের অবনতি ঘটছে। বিদ্রোহীরাও একই কথা বলেন।সিরিয়া প্রসঙ্গে ওবামা বলেন, গণতন্ত্রে উত্তরণের দাবি জানিয়ে সিরিয়ার জনগণ নিজেদের সাহস প্রমাণ করেছে। এখন প্রেসিডেন্ট আসাদের সামনে দুটি পথ খোলা। আর তা হলো তাঁকে গণতন্ত্রে উত্তরণের পথ খুলে দিতে হবে বা ক্ষমতা থেকে সরে দাঁড়াতে হবে।সিরিয়ার সরকারি বার্তা সংস্থা সানায় গতকাল শুক্রবার বলা হয়, মধ্যপ্রাচ্য-নীতি নিয়ে ওবামার ভাষণে নতুন কিছু নেই। ভাষণে ইসরায়েলের প্রতি ওয়াশিংটনের একতরফা সমর্থনের বিষয়টি পুনর্ব্যক্ত করা হয়েছে মাত্র।সিরিয়ার সরকারি পত্রিকা আল-দাওরায় ওবামার সমালোচনা করে বলা হয়, গণতন্ত্র শব্দের অর্থ না জেনেই ওবামা গণতন্ত্র নিয়ে কথা বলেছেন। এএফপি, রয়টার্স।