গাদ্দাফিকে দেশ ত্যাগের পরামর্শ দিয়েছিলেন ব্লেয়ার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০১১ সালে লিবিয়ায় গৃহযুদ্ধের চরম অবস্থায় মুয়াম্মার গাদ্দাফিকে দেশত্যাগের পরামর্শ দিয়েছিলেন টনি ব্লেয়ার। সাবেক এই ব্রিটিশ প্রধানমন্ত্রী গত শুক্রবার হাউস অব কমন্সের পররাষ্ট্রনীতি-সংক্রান্ত কমিটির কাছে এ কথা উল্লেখ করে দাবি করেছেন, গাদ্দাফিকে শান্তিপূর্ণভাবে দেশত্যাগে রাজি করাতেই তিনি তাঁর সঙ্গে কথা বলেছিলেন। খবর বিবিসির।

হাউস অব কমন্সের পররাষ্ট্রনীতি-সংক্রান্ত কমিটির কাছে যুক্তরাজ্যের লিবিয়াবিষয়ক পররাষ্ট্রনীতি নিয়ে ওই বক্তব্য দেন টনি ব্লেয়ার। কমিটি তাঁর সঙ্গে দেড় ঘণ্টা কথা বলে। এ সময় ব্লেয়ার স্বীকার করেন, এক দিনে তিনি দুই থেকে তিনবার ফোন করেছিলেন গাদ্দাফিকে। আর তাঁর সেই ফোন করার খবর প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন জানতেন। এই কথোপকথনের উদ্দেশ্য ছিল একনায়ক গাদ্দাফিকে লিবিয়া ত্যাগে রাজি করানো, যাতে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর সম্ভব হয়।

২০১১ সালের শুরুর দিকে গৃহযুদ্ধ শুরু হয় লিবিয়ায়। কমিটিকে ব্লেয়ার বলেন, সে সময় তিনি গাদ্দাফির সঙ্গে তাঁর ব্যক্তিগত সম্পর্ককে কাজে লাগাতে চেয়েছিলেন। তবে দ্রুতই বুঝে ফেলেন, দেশত্যাগে মোটেও আগ্রহ নেই সে সময়কার লিবীয় নেতার।

টনি ব্লেয়ার বলেন, ‘ওই ঘটনাকে এমনভাবে ব্যাখ্যা করা হয়েছে, যাতে মনে হয় আমি গাদ্দাফিকে রক্ষা করতে চেয়েছি। আমি তা করতে চাইনি, চেয়েছি তিনি ক্ষমতা ছেড়ে দিয়ে চলে যান।’

গাদ্দাফির সঙ্গে এই আলোচনার সূচনা কীভাবে হয়েছিল, এমন প্রশ্নের জবাবে ব্লেয়ার বলেন, তিনি ব্যক্তিগত উদ্যোগেই এই আলোচনা শুরু করেছিলেন। তবে আগে তিনি প্রধানমন্ত্রীর দপ্তর এবং মিত্র যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের সঙ্গে কথা বলে নিয়েছিলেন।

গাদ্দাফির অপহৃত ছেলে হানিবালের মুক্তি: এএফপি জানায়, লিবিয়ার প্রয়াত স্বৈরশাসক মুয়াম্মার গাদ্দাফির ছেলে হানিবাল গাদ্দাফিকে লেবাননে অপহরণের কয়েক ঘণ্টা পর গত শুক্রবার রাতে মুক্তি দেওয়া হয়েছে। অজ্ঞাত একটি সশস্ত্র সংগঠনের লোকজন তাঁকে ধরে নিয়ে গিয়েছিল।

ব্যবসায়ী হানিবাল গাদ্দাফিকে মুক্ত করার পর তাঁকে জিজ্ঞাসাবাদ করেছে লেবাননের পুলিশ। নিরাপত্তা বাহিনীর একটি সূত্র জানায়, সিরিয়া থেকে লেবাননে প্রবেশ করার পর হানিবালকে বেকা অঞ্চল থেকে গ্রেপ্তার করা হয়েছিল। একই এলাকা থেকে শুক্রবার রাতে তাঁকে উদ্ধার করা হয়। অঞ্চলটি শিয়া সংগঠন হিজবুল্লাহর পূর্বাঞ্চলীয় ঘাঁটি হিসেবে পরিচিত।

হানিবাল কত দিন আগে লেবাননে প্রবেশ করেছেন, তা জানা যায়নি। এর আগে তিনি ওমানে বোন আয়েশা ও মা সাফিয়ার সঙ্গে গৃহবন্দী ছিলেন। লেবাননের রাষ্ট্রীয় বার্তা সংস্থার খবরে বলা হয়, হানিবালকে যারা অপহরণ করেছিল, তারা শিয়া নেতা মুসা আল-সদরের ব্যাপারে তথ্য চায়। আল-সদর ১৯৭৮ সাল থেকে নিখোঁজ রয়েছেন।