গাদ্দাফিকে হত্যার চেষ্টা হবে অদূরদর্শী: গেটস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী রবার্ট গেটস বলেছেন, লিবিয়ার প্রেসিডেন্ট মুয়াম্মার গাদ্দাফিকে হত্যা করার চেষ্টায় জোট বাহিনী আক্রমণ চালালে সেটা হবে ‘অদূরদর্শী’ কাজ। তিনি বলেন, জোট বাহিনীকে নিরাপত্তা পরিষদে অনুমোদিত সিদ্ধান্ত মেনেই এগোতে হবে। গতকাল সোমবার রাশিয়া যাওয়ার পথে বিমানে তাঁর সহগামী সাংবাদিকদের তিনি এ কথা বলেন।ব্রিটেনের প্রতিরক্ষামন্ত্রী লিয়াম ফক্স সরাসরি গাদ্দাফিকে লক্ষ্য করে হামলা চালানোর পক্ষে যে বক্তব্য দিয়েছেন, সে বিষয়ে সাংবাদিকেরা যুক্তরাষ্ট্রের প্রতিক্রিয়া জানতে চান। জবাবে রবার্ট গেটস বলেন, এটা মনে রাখা জরুরি যে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অনুমোদন সাপেক্ষে জোট বাহিনী অভিযান চালাচ্ছে। জাতিসংঘ যা অনুমোদন করেনি তা জোট বাহিনীর করা ঠিক হবে না। তিনি বলেন, ‘আমরা যদি অতিরিক্ত পদক্ষেপ গ্রহণ করা শুরু করি তাহলে সেটা নতুন সমস্যার সৃষ্টি করবে।’লিবিয়ার বিদ্রোহীদের প্রত্যক্ষ সহযোগিতা দেওয়ার বিষয়েও তিনি সতর্কতা অবলম্বন জরুরি বলে মত দেন। রবার্ট গেটস বলেন, জোট বাহিনীর প্রাথমিক লক্ষ্য হলো গাদ্দাফির অনুগত ব্যক্তিদের অগ্রযাত্রাকে থামিয়ে দেওয়া। তারা যাতে নিরীহ লোকজনকে হত্যা করতে না পারে, সে চেষ্টা করা। এর বাইরে আপাতত কোনো অভীষ্ট লক্ষ্য ঠিক করা বুদ্ধিদীপ্ত সিদ্ধান্ত হবে না। টেলিগ্রাফ অনলাইন।