গাদ্দাফির অনুগতদের ওপর চূড়ান্ত হামলা চালাতে প্রস্তুত এনটিসি
লিবিয়ার ক্ষমতাচ্যুত নেতা মুয়াম্মার গাদ্দাফির অনুগতদের দখলে থাকা শহরগুলোতে চূড়ান্ত অভিযান চালাতে প্রস্তুত ন্যাশনাল ট্রানজিশনাল কাউন্সিল (এনটিসি)। এদিকে আশ্রয় চাইলে গাদ্দাফিকে স্বাগত জানানো হবে বলে ঘোষণা দিয়েছে পশ্চিম আফ্রিকার দেশ গিনি বিসাউ।গাদ্দাফির অনুগতদের আত্মসমর্পণের জন্য গত শনিবার পর্যন্ত সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল। সময়সীমা শেষ হওয়ার পর এখন চূড়ান্ত অভিযান শুরুর জন্য অপেক্ষা করছে গাদ্দাফিবিরোধী যোদ্ধারা। বার্তা সংস্থা এএফপির সাংবাদিকেরা জানান, এনটিসির সাঁজোয়া যান গাদ্দাফির অনুগতদের দখলে থাকা বনি ওয়ালিদ শহরের বাইরে অবস্থান নিয়েছে। এ ছাড়া বনি ওয়ালিদের সাত কিলোমিটার দূরে অবস্থিত একটি সামরিক ঘাঁটিতে জড়ো হয়েছে এনটিসির একদল যোদ্ধা।সাংবাদিকেরা জানান, মিসরাতার প্রায় ৯০ কিলোমিটার দূরে হিসার মরুভূমিতে জড়ো হতে শুরু করেছে এনটিসির সেনারা। বনি ওয়ালিদ কিংবা গাদ্দাফির নিজ শহর সারতের দিকে অগ্রসর হওয়ার নির্দেশের অপেক্ষা করছে তারা।এএফপির সংবাদদাতারা জানান, এগিয়ে যাওয়ার নির্দেশের অপেক্ষায় থাকা স্বেচ্ছাসেবী যোদ্ধারা শনিবার সন্ধ্যার বেশির ভাগ সময় কাটিয়েছে অস্ত্রপাতি পরীক্ষা, অস্ত্র পরিষ্কার ও ব্যাগ ভরার কাজে।এদিকে গিনি বিসাউয়ের প্রধানমন্ত্রী কার্লোস গোমেজ জুনিয়র গত শনিবার বলেছেন, আশ্রয় চাইলে মুয়াম্মার গাদ্দাফিকে তাঁরা স্বাগত জানাবেন।গোমেজ জুনিয়র একটি রেডিওকে বলেন, গিনি বিসাউ সরকার গাদ্দাফিকে ‘দুই বাহু বাড়িয়ে’ স্বাগত জানাবে। তিনি বলেন, ‘আমরা তাঁর নিরাপত্তা নিশ্চিত করব।’ গত শুক্রবারও প্রধানমন্ত্রী গোমেজ এ ধরনের মন্তব্য করেছিলেন।চরম রাজনৈতিক ও সামরিক অস্থিতিশীলতার জন্য পরিচিত গিনি বিসাউয়ের সঙ্গে গাদ্দাফির সরকারের সুসম্পর্ক ছিল। গাদ্দাফির সরকার গিনি বিসাউয়ের হোটেল ও কৃষি খাতে ব্যাপক বিনিয়োগ করে।গত আগস্টের শুরুর দিকে গোমেজ জুনিয়র বলেছিলেন, ‘গাদ্দাফি ও লিবিয়া গিনি বিসাউয়ের বন্ধু। লিবিয়ার নেতা যদি গিনি বিসাউয়ে আসতে চান, তাহলে আমরা তাঁকে দুই বাহু বাড়িয়ে গ্রহণ করব।’এদিকে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) এনটিসিকে লিবিয়ার বৈধ সরকার হিসেবে স্বীকৃতি দিয়েছে। সংস্থার প্রধান ক্রিস্তিন লাগার্দ গত শনিবার বলেন, এনটিসিকে স্বীকৃতি দিয়েছে আইএমএফ। নিরাপত্তা পরিস্থিতির উন্নতি হলে শিগগিরই সেখানে একটি দল পাঠানো হবে।অন্যদিকে গাদ্দাফিবিরোধীরা লিবিয়ার রাজধানী ত্রিপোলি দখল করার পর দেশটির অন্তর্বর্তী সরকারের প্রধান মুস্তফা আবদুল জলিল প্রথমবারের মতো ত্রিপোলিতে পৌঁছেছেন। বিমানবন্দরে আবদুল জলিলের শত শত অনুসারী পতাকা উড়িয়ে, স্লোগান দিয়ে তাঁকে স্বাগত জানায়। তিনি এত দিন বেনগাজিতে অবস্থান করছিলেন।বিমানবন্দরে এক সংবাদ সম্মেলনে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে আবদুল জলিল বলেন, ‘এখন নিজের হাতে আইন তুলে নেওয়ার সময় নয়। কারণ, আইনশৃঙ্খলা ভেঙে পড়েছে। অনেক সমস্যার মধ্যে আমরা কঠিন পরিস্থিতি মোকাবিলা করছি। এখন সবার এক হওয়ার সময়।’আবদুল জলিলের ত্রিপোলির এই সফরকে ঐতিহাসিক বলে উল্লেখ করেছেন এনটিসির মুখপাত্র জালাল আল-গালাল। এএফপি, রয়টার্স, বিবিসি।