গাদ্দাফির অস্ত্রের বাংকার দখলে নিয়েছে বিদ্রোহীরা
লিবিয়ার পশ্চিমাঞ্চলীয় শহর জিনতানের কাছে মুয়াম্মার গাদ্দাফির অনুগত সেনাদের মজুদ করা অস্ত্রের বাংকার দখলে নিয়েছে বিদ্রোহীরা। এদিকে ফ্রান্স বিমান থেকে প্যারাসুট দিয়ে বারবার অঞ্চলের উপজাতি একটি গোষ্ঠীকে অস্ত্র সরবরাহ শুরু করেছে।অন্যদিকে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) গাদ্দাফিকে গ্রেপ্তারে সহায়তা করতে তাঁর মিত্রদের প্রতি আহ্বান জানিয়েছেন।বিদ্রোহীদের পক্ষ থেকে জানানো হয়, জিনতান শহর থেকে প্রায় ২৫ কিলোমিটার দক্ষিণে নাফুসা পর্বতমালায় তারা কয়েকটি বাংকারের সন্ধান পায়। এসব বাংকারে গাদ্দাফির অনুগত সেনাদের রকেট, মেশিনগানসহ বিভিন্ন ধরনের অস্ত্র পাওয়া গেছে।এই অস্ত্রগুলোর সন্ধান পাওয়াকে বিদ্রোহীদের বড় ধরনের অর্জন হিসেবে দেখা হচ্ছে। এসব অস্ত্র পেয়ে তারা আরও শক্তিশালী হয়ে উঠবে। এদিকে ত্রিপোলির দক্ষিণে বারবার এলাকায় উপজাতি বিদ্রোহীদের অস্ত্র সরবরাহ করছে ফ্রান্স। ফ্রান্সের দৈনিক লে ফিগারো গতকাল বুধবার এক প্রতিবেদনে জানায়, ফ্রান্সের বিমান থেকে প্যারাসুট দিয়ে বিদ্রোহীদের অস্ত্র দেওয়া হচ্ছে। ফ্রান্স তাৎক্ষণিকভাবে এ খবর নিশ্চিত করেনি বা নাকচ করে দেয়নি। বারবার অঞ্চলের উপজাতি গোষ্ঠী গাদ্দাফির শাসনের বিরুদ্ধে বিদ্রোহ করেছে। তারাও কয়েকটি শহর নিয়ন্ত্রণে নিয়েছে। যোগ দিয়েছে গাদ্দাফিবিরোধী মূল বিদ্রোহে। ফ্রান্সের দেওয়া অস্ত্রের মধ্যে রয়েছে রকেটচালিত গ্রেনেড, ট্যাংকবিধ্বংসী ক্ষেপণাস্ত্র, রাইফেল, মেশিনগান প্রভৃতি।আইসিসির প্রধান কৌঁসুলি লুইস মোরেনো-ওকামপো বলেছেন, গাদ্দাফি, তাঁর ছেলে সাইফ আল-ইসলাম ও গোয়েন্দাপ্রধান আবদুল্লাহ আল-সানুসির বিরুদ্ধে আইসিসির গ্রেপ্তারি পরোয়ানা বাস্তবায়নের প্রাথমিক দায়িত্ব লিবিয়ার। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের ডোনাটেলা রোভেরা বলেছেন, তাঁরা গাদ্দাফি বাহিনীর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগের কোনো প্রমাণ পাননি। তিনি তিন মাস লিবিয়ায় অবস্থান করেন। তবে রোভেরা জানান, লিবিয়ার পশ্চিমাঞ্চলে তাঁদের প্রবেশ করার অনুমতি দেওয়া হয়নি। তাই তাঁরা নিশ্চিত করে বলতে পারছেন না, লিবিয়ায় ধর্ষণের ঘটনা ঘটেছে কি না। বিবিসি, এএফপি।