গাদ্দাফির কাছ থেকে অর্থ নেওয়ার অভিযোগ অস্বীকার সারকোজির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লিবিয়ার সাবেক নেতা মুয়াম্মার গাদ্দাফির কাছ থেকে চার কোটি ২০ লাখ ব্রিটিশ পাউন্ড নেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট নিকোলা সারকোজি। ২০০৭ সালের নির্বাচনী প্রচারাভিযানের খরচ চালাতে তিনি এই অর্থ নেন বলে অভিযোগ উঠেছে।আগামী ৬ মে ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচনের দ্বিতীয় দফা ভোটের প্রচারাভিযান চালিয়ে যাচ্ছেন সারকোজি। তাঁর নির্বাচনী প্রচারাভিযানের মুখপাত্র নাথালি কোসিয়াস্কো-মোরিজেৎ অর্থ নেওয়ার অভিযোগ ‘হাস্যকর’ বলে উল্লেখ করেন। তিনি পাল্টা অভিযোগ করে বলেন, প্রতিদ্বন্দ্বী প্রার্থী ফ্রাঁসোয়া ওলাঁদের সমর্থকেরা প্রেসিডেন্ট সারকোজির বিরুদ্ধে ‘নোংরা কৌশলের’ অংশ হিসেবে গাদ্দাফির কাছ থেকে অর্থ নেওয়ার অভিযোগ তুলেছে। গত মার্চে একজন ফরাসি সাংবাদিক এই অভিযোগের ব্যাপারে সারকোজিকে প্রশ্ন করলে তিনি দৃঢ়ভাবে এই অভিযোগ অস্বীকার করেন। ফ্রান্সের একটি সংবাদভিত্তিক ওয়েবসাইটে দাবি করা হয়, ২০০৭ সালে নির্বাচনী প্রচারাভিযানের জন্য অর্থ পেতে সারকোজি লিবীয় নেতা গাদ্দাফির সঙ্গে অবৈধ আর্থিক চুক্তি করেন। পানামা ও সুইজারল্যান্ডের ব্যাংক হিসাব দিয়ে এই লেনদেন করা হয়। আরবি ভাষায় লেখা ও গাদ্দাফির গোয়েন্দা প্রধান মুসা কুসা স্বাক্ষরিত ২০০৬ সালের একটি নথির বরাত দিয়ে বলা হয়, এতে নিকোলা সারকোজিকে নির্বাচনে সমর্থন দিতে পাঁচ কোটি ইউরো সমমূল্যের অর্থ দেওয়া সংক্রান্ত একটি চুক্তির কথা লেখা ছিল।গত ২২ এপ্রিল অনুষ্ঠিত প্রথম দফার নির্বাচনে সোশালিস্ট পার্টির প্রার্থী ফ্রাঁসোয়া ওলাঁদ ২৮ দশমিক ৬৩ শতাংশ ভোট পেয়ে বিজয়ী হন। সারকোজি পান ২৭ দশমিক ১৮ শতাংশ। টাইমস অব ইন্ডিয়া।