গাদ্দাফির কাছে চিঠি পাঠালেন চাভেজ
ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হুগো চাভেজ লিবিয়ার প্রেসিডেন্ট মুয়াম্মার গাদ্দাফির কাছে একটি চিঠি পাঠিয়েছেন। সেই চিঠিতে তিনি গাদ্দাফিকে সমর্থনের কথা ব্যক্ত করেছেন ও তাঁর বিজয় কামনা করেছেন।ভেনেজুয়েলার জাতীয় টেলিভিশন ভিটিভিতে হুগো চাভেজ গাদ্দাফির কাছে পাঠানো চিঠিটি পড়ে শোনান। চিঠিতে হুগো চাভেজ বলেছেন, ‘আমি আন্তরিকতার সঙ্গে আপনাকে জড়িয়ে ধরতে চাই। লিবিয়ার মানুষ দীর্ঘজীবী হোক। আমার সহযোদ্ধা আপনাকে আল্লাহ দীর্ঘজীবী করুন। এই লড়াইয়ে লিবিয়া টিকে থাকবে ও জিতবে।’ এদিকে ভেনেজুয়েলার পররাষ্ট্র মন্ত্রণালয় লিবিয়ার বিদ্রোহী ন্যাশনাল ট্রান্সিশনাল কাউন্সিলকে স্বীকৃতি দেয়নি। এর আগে চাভেজ বলেছিলেন, বিদ্রোহীদের স্বীকৃতি দেওয়া হলে আন্তর্জাতিক আইনের সব নিয়ম ভঙ্গ করা হবে।উল্লেখ্য, ফেব্রুয়ারির মাঝামাঝি সময় থেকে লিবিয়ায় গাদ্দাফি সরকারের বিরুদ্ধে বিক্ষোভ শুরু হয়েছে। গাদ্দাফি বাহিনীর বিরুদ্ধে ন্যাটোর বিমান হামলা সত্ত্বেও সে দেশের সেনারা সাধ্যমতো লড়াই চালিয়ে যাচ্ছে। টাইমস অব ইন্ডিয়া।