গাদ্দাফির ছেলে সাইফ নিজেকে নির্দোষ দাবি করেছেন
লিবিয়ার প্রয়াত নেতা মুয়াম্মার গাদ্দাফির পলাতক ছেলে সাইফ আল-ইসলাম নিজেকে নির্দোষ দাবি করেছেন বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) এক কৌঁসুলি। মানবতাবিরোধী অপরাধের অভিযোগে সাইফের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি আছে আইসিসির।আইসিসির কৌঁসুলি লুইস মরেনো-ওকাম্পো গতকাল শনিবার চীনের রাজধানী বেইজিংয়ে বার্তা সংস্থা রয়টার্সকে জানান, মধ্যস্থতাকারীর মাধ্যমে সাইফের সঙ্গে আইসিসির অনানুষ্ঠানিক যোগাযোগ হচ্ছে। সাইফ নিজেকে নির্দোষ দাবি করেছেন এবং জানতে চাইছেন, নির্দোষ প্রমাণিত হওয়ার পর তাঁর ভাগ্যে কী ঘটবে।ওকাম্পো বলেন, ‘সাইফের কিছু লোকের সঙ্গে আমাদের কিছু লোকের যোগাযোগ হচ্ছে। কাজেই এই যোগাযোগ সরাসরি নয়, এটা হচ্ছে মধ্যস্থতাকারীদের মাধ্যমে।’আইসিসির ওই কৌঁসুলি আরও বলেন, ‘কিন্তু আমাদের পক্ষ থেকে যেসব লোক সাইফের লোকের সঙ্গে যোগাযোগ করছে, তাদের ওপর আমাদের আস্থা আছে।’ সাইফ দাবি করেছেন, তিনি নির্দোষ। আদালতেও তিনি নিজেকে নির্দোষ প্রমাণ করবেন, কাজেই এরপর কী ঘটতে পারে, তা তিনি জানতে চাইছেন।মরেনো-ওকাম্পো বলেন, ‘আমরা আমাদের আইনি ব্যবস্থা তাঁকে ব্যাখ্যা করেছি। তাঁর সঙ্গে আমরা কোনো চুক্তিতে যাচ্ছি না। তবে আমরা তাঁকে জানিয়েছি, নিজের বক্তব্য তুলে ধরার সুযোগ তিনি পাবেন।’লিবিয়ায় গত ফেব্রুয়ারিতে অভ্যুত্থান শুরুর পর দমন-পীড়ন ও নির্যাতনের ঘটনায় গাদ্দাফি, তাঁর ছেলে সাইফ ও সাবেক গোয়েন্দা প্রধান আবদুল্লাহ আল-সেনুসির বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ এনে তাঁদের নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আইসিসি।লিবিয়ার জাতীয় অন্তর্বর্তী পরিষদের এক শীর্ষ সামরিক কর্মকর্তা চলতি সপ্তাহে জানান, সাইফ ও সেনুসি আইসিসির কাছে আত্মসমর্পণ করতে চাইছেন। কেননা, লিবিয়া, আলজেরিয়া বা নাইজারে তাঁরা নিজেদের নিরাপদ ভাবতে পারছেন না। রয়টার্স ও বিবিসি।