গাদ্দাফির ছেলে সাদিকে মেক্সিকো নেওয়া হচ্ছিল!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লিবিয়ার প্রয়াত নেতা মুয়াম্মার গাদ্দাফির ছেলে সাদিকে গোপনে মেক্সিকো নিয়ে সেখানে বসবাসের ব্যবস্থা করে দেওয়ার একটি আন্তর্জাতিক ষড়যন্ত্র ফাঁস হয়েছে। গত বুধবার মেক্সিকোর রাজধানী মেক্সিকো সিটিতে এক সংবাদ সম্মেলনে এ কথা দাবি করেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী আলেজান্দ্রো পয়ের। গত সেপ্টেম্বরে এই ষড়যন্ত্র ফাঁস হয় বলে দাবি করেন আলেজান্দ্রো পয়ের। তিনি বলেন, ছদ্মনামে সাদি ও তাঁর পরিবারের সদস্যদের মেক্সিকো নেওয়ার ষড়যন্ত্র করা হয়েছিল। এতে দুজন মেক্সিকান, একজন ড্যানিশ ও কানাডীয় নাগরিক জড়িত বলে সন্দেহ করা হচ্ছে। সন্দেহভাজন এসব ব্যক্তি মেক্সিকোয় গিয়ে সাদির জন্য ব্যাংক হিসাব খোলেন এবং নিরাপদ আশ্রয় হিসেবে বাস করতে সাদির জন্য বিভিন্ন স্থানে একাধিক বাড়ি কেনেন। এর মধ্যে একটি বাড়ি রয়েছে মেক্সিকোর প্রশান্ত মহাসাগরীয় উপকূলে। গাদ্দাফি ক্ষমতাচ্যুত হওয়ার পর সাদি যখন দেশ ছেড়ে পালানোর চেষ্টা করছিলেন, এ সময় ওই ষড়যন্ত্র করা হয়। তবে শেষ পর্যন্ত তিনি মেক্সিকো যাননি। পশ্চিম আফ্রিকার অপর দেশ নাইজারে গিয়ে বাস করছেন। সংবাদ সম্মেলনে পয়ের বলেন, এই অপরাধী চক্রের অর্থের এমন উৎস রয়েছে বা ছিল, যা তাদের ব্যক্তিগত বিমান ভাড়া করার সুযোগ করে দেয়। এএফপি।