গাদ্দাফির ছেলেকে লিবিয়ায় প্রত্যর্পণ করেছে নাইজার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লিবিয়ার সাবেক শাসক মুয়াম্মার গাদ্দাফির ছেলে সাদী গাদ্দাফির আগের ছবি (বাঁয়ে) ও বর্তমান ছবি (ডানে)। ছবি : বিবিসির সৌজন্যে
লিবিয়ার সাবেক শাসক মুয়াম্মার গাদ্দাফির ছেলে সাদী গাদ্দাফির আগের ছবি (বাঁয়ে) ও বর্তমান ছবি (ডানে)। ছবি : বিবিসির সৌজন্যে

লিবিয়ার সাবেক শাসক মুয়াম্মার গাদ্দাফির ছেলে সাদী গাদ্দাফিকে লিবিয়া সরকারের কাছে প্রত্যর্পণ করেছে পশ্চিম আফ্রিকার দেশ নাইজার। তিনি এখন ত্রিপোলিতে সরকারের হেফাজতে রয়েছেন। আজ বৃহস্পতিবার ভোরে এক লিবিয়া সরকার এক সংক্ষিপ্ত ঘোষণার মাধ্যমে এ কথা জানায়।

সরকারের পক্ষ থেকে এক ঘোষণায় জানানো হয়, আজ ভোররাত দুইটা ৫০ (স্থানীয় সময়) মিনিটে সাদী গাদ্দাফিকে বহনকারী একটি উড়োজাহাজ ত্রিপোলিতে পৌঁছায়। তিনি এখন লিবিয়ার বিচারিক কর্তৃপক্ষের  হেফাজতে রয়েছেন।

এর আগে সাদীকে ফিরিয়ে দিতে লিবিয়া সরকার নাইজারের কাছে আবেদন জানালেও তারা এ প্রস্তাব প্রত্যাখ্যান করে। নাইজারের আশঙ্কা ছিল, সাদী গাদ্দাফিকে ফিরিয়ে দেওয়া হলে লিবিয়া সরকার তাঁকে মৃত্যুদণ্ডাদেশ দিতে পারে।

এর পরিপ্রেক্ষিতে ২০১২ সালে তাঁকে গ্রেপ্তার করার জন্য ‘লাল নোটিশ’ জারি করে ইন্টারপোল।

বিবিসির অনলাইনের খবরে জানানো হয়, লিবিয়ার ফুটবল ফেডারেশনের সাবেক প্রধান ছিলেন সাদী গাদ্দাফি। ২০১১ সালে তাঁর বাবা মুয়াম্মার গাদ্দাফি বিদ্রোহীদের হাতে নিহত হওয়ার পর দেশ ছেড়ে পালিয়ে যান। সাহারা মরুভূমি পার হয়ে তিনি নাইজারে চলে যান। এত দিন তিনি নাইজারের রাজধানী নিয়ামের একটি সরকারি অতিথি ভবনে ছিলেন।

তাঁর বিরুদ্ধে বাবার শাসনামলে বিদ্রোহীদের ওপর গুলি চালানো ও অন্যান্য অপরাধে জড়িত থাকার অভিযোগ রয়েছে।