গাদ্দাফির জন্মশহরে আরও লাশ উদ্ধার
লিবিয়ার প্রয়াত নেতা মুয়াম্মার গাদ্দাফির জন্মশহর সির্ত থেকে নারী ও শিশুসহ আরও লাশ উদ্ধার করা হয়েছে। ন্যাটোর বিমান হামলায় বিধ্বস্ত বেশ কয়েকটি বহুতল ভবনের ধ্বংসস্তূপের নিচে এসব লাশ খুঁজে পায় স্বেচ্ছাসেবীরা। গত ২০ অক্টোবর শহরটির পতন হয়।দুটি এলাকায় ২৬টি নতুন কবরের সন্ধান পাওয়া গেছে। সেখানে গাদ্দাফির অনুগত বাহিনী ও বিদ্রোহীদের মধ্যে কয়েক সপ্তাহ ধরে ভয়াবহ সংঘর্ষ হয়। অন্য স্বেচ্ছাসেবীদের সঙ্গে গত সপ্তাহ থেকে সির্ত শহরে লাশ উদ্ধারের কাজ করছেন ইব্রাহিম সুলেইমান নামের এক ব্যক্তি। তিনি বলেন, ওই কবরগুলো গাদ্দাফির অনুগতদের বলে ধারণা করা হচ্ছে।লিবিয়ার স্বেচ্ছাসেবী সংগঠন জাবাল আল-আখদারের পক্ষ থেকে এএফপিকে জানানো হয়, শহরের কেন্দ্রস্থলের কয়েকটি বহুতল ভবনের ধ্বংসস্তূপের নিচ থেকে ৫০টিরও বেশি লাশ উদ্ধার করা হয়েছে। ন্যাটোর বিমান হামলায় ওই ভবনগুলো বিধ্বস্ত হয়। সংগঠনের সদস্য মুহাম্মদ মুফতাহ বলেন, এ এক ভয়ানক দৃশ্য। নারী ও শিশুসহ বেসামরিক নাগরিকদের লাশ পড়ে ছিল ধ্বংসস্তূপের নিচে। লাশগুলো পচে বিকৃত হয়ে গিয়েছিল। এএফপি।