তিউনিশিয়া-মিসরে সরকারবিরোধী সফল বিক্ষোভের পর আরবের একাধিক দেশে একই ধরনের বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। বাদ যায়নি চার দশক ধরে ক্ষমতায় থাকা মুয়াম্মার গাদ্দাফির দেশ লিবিয়াও। তিন দিন ধরে চলছে দেশটিতে সরকারবিরোধী বিক্ষোভ। এরই মধ্যে এ বিক্ষোভ সহিংস রূপ নিয়েছে। নিরাপত্তা-কর্মীদের সঙ্গে সংঘর্ষে এ পর্যন্ত চারজন নিহত হয়েছে। আহত হয়েছে অর্ধ শতাধিক।বাহরাইনেও সরকারবিরোধী বিক্ষোভ অব্যাহত রয়েছে। গতকাল বৃহস্পতিবার রাজধানী মানামার পার্ল স্কয়ারে বিক্ষোভকারীদের তাঁবুতে পুলিশের অভিযানে চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন শতাধিক। এ ঘটনার পর সরকার দেশটিতে বিক্ষোভ নিষিদ্ধ করে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে কঠোর ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেয়।লিবিয়ায়গাদ্দাফির ৪১ বছরের শাসনের পতন চাইছে বিক্ষোভকারীরা। পক্ষান্তরে সরকারের তরফ থেকে হুঁশিয়ারি উচ্চারণ করে বলা হয়েছে, যেকোনো ধরনের বিশৃঙ্খলা কঠোর হস্তে দমন করা হবে। চলমান বিক্ষোভকে ‘অন্তর্ঘাতমূলক’ বলে অভিহিত করেছে সরকার-সমর্থিত গণমাধ্যম।মিসরে হোসনি মোবারকের পতনের পর গাদ্দাফি তাঁর প্রথম ভাষণে বলেছেন, ইসলামের শত্রু হচ্ছে সাদা চামড়ার দেশগুলো। এসব দেশের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।লন্ডনভিত্তিক মানবাধিকার সংস্থা লিবিয়া ওয়াচ বলেছে, দেশটির পূর্বাঞ্চলীয় শহর আল-বাইদায় নিরাপত্তা বাহিনী ও রেভ্যুলুশনারি কমিটির মিলিশিয়া সরকারবিরোধী শান্তিপূর্ণ বিক্ষোভে গুলি চালিয়েছে। এতে কমপক্ষে চারজন নিহত ও আরও কয়েকজন আহত হয়েছে। বিরোধীদের ওয়েবসাইট লিবিয়া আল-ইয়্যুমও একই তথ্য জানিয়েছে।তবে জেনেভাভিত্তিক হিউমান রাইটস সলিডারিটি প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানিয়েছে, নিরাপত্তা-কর্মীরা উঁচু ভবনের ছাদ থেকে গুলি চালিয়েছে। এতে ১৩ জন নিহত হয়েছে। আহত হয়েছে প্রায় ৫০ জন। মিসরের মতো লিবিয়ার তরুণেরাও ইন্টারনেটের মাধ্যমে পরস্পরের সঙ্গে যোগাযোগ করে বিক্ষোভের আয়োজন করেছে। ইন্টারনেটে ছাড়া ভিডিও ফুটেজে দেখা গেছে, বুধবার রাতে আল-বাইদায় জড়ো হয়েছে বিক্ষোভকারীরা। এ সময় তারা ‘জনগণ গাদ্দাফির শাসনের পতন চায়’ বলে স্লোগান দেয়। বিক্ষোভকারীদের উদ্যোগে গতকাল বৃহস্পতিবার ‘ক্রোধের দিবস’ পালন করা হয়। এ লক্ষে ‘ইয়ুথ অব লিবিয়া’ নামের একটি সংগঠন থেকে সারা দেশে খুদে বার্তা চালাচালি করা হয়। এতে বলা হয়, ‘আমরা আমাদের প্রিয় মাতৃভূমির যেকোনো স্কয়ার অথবা এভিনিউয়ে যে কারও মুখোমুখি হব।’এর আগে লিবিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর বেনগাজিতে ব্যাপক বিক্ষোভ হয়। নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে ৩৮ জন আহত হয়। এর মধ্যে ১০ জন নিরাপত্তা কর্মীও রয়েছে। এদিকে সরকার পক্ষের সমর্থকেরাও মিছিল করেছে। বুধবার শত শত লোক রাজধানী ত্রিপলি, বেনগাজিসহ অন্যান্য শহরে মিছিল করে। ১৯৬৯ সাল থেকে ক্ষমতায় আছেন গাদ্দাফি।এদিকে বাহরাইনের রাজধানীমানামার পার্ল স্কয়ারে গতকালভোররাত তিনটার দিকে তাঁবুতে ঘুমিয়ে থাকা বিক্ষোভকারীদের ওপর দাঙ্গা পুলিশ অতর্কিতে হামলা চালায়। তারা বিক্ষোভকারীদের ওপর রাবার বুলেট ও টিয়ারগ্যাস নিক্ষেপ করে এবং তাঁদের লাঠিপেটা করে। বিক্ষোভকারীরা আতঙ্কে ছোটাছুটি করতে থাকেন। এ সময় চারজন নিহত ও শতাধিক ব্যক্তি আহত হন। ভোর হওয়ার আগেই পুলিশ বিক্ষোভকারীদের তাঁবু সরিয়ে ফেলে পার্ল স্কয়ার অবরুদ্ধ করে রাখে। এরপর ওই স্কয়ারের সংযোগ সড়কগুলোয় প্রবেশের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়। এ ছাড়া রাজধানীর বিভিন্ন সড়কে নিরাপত্তারক্ষাকারী বাহিনীর সদস্যরা টহল দিতে থাকেন এবং বিভিন্ন স্থানে তল্লাশি চৌকি বসানো হয়। তিউনিসিয়া ও মিসরের গণ-অভ্যুত্থানে অনুপ্রাণিত হয়ে দেশটিতে গত মঙ্গলবার থেকে হাজার হাজার বিক্ষোভকারী পার্ল স্কয়ারে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। এএফপি, রয়টার্স।