লিবিয়ার নেতা কর্নেল মুয়াম্মার গাদ্দাফি রমরমা বাণিজ্যের বিশাল এক সাম্রাজ্য গড়ে তুলেছেন। তা নিয়ে তাঁর সন্তানেরা প্রচণ্ড বিরোধে লিপ্ত। গতকাল বুধবার ফিন্যানশিয়াল টাইমস পত্রিকায় প্রকাশিত মার্কিন কূটনৈতিক বার্তায় এ কথা জানা যায়। হইচই ফেলে দেওয়া ওয়েবসাইট উইকিলিকস থেকে পত্রিকাটি এই বার্তা হস্তগত করে।‘গাদ্দাফি ইনকরপোরেটেড’ শীর্ষক এই বার্তায় মার্কিন দূতাবাসের কর্মকর্তারা বর্ণনা করেছেন, দীর্ঘদিন ধরে ক্ষমতায় টিকে থাকা লিবিয়ার শাসক ও তাঁর পরিবারের সদস্যরা কীভাবে লোভনীয় বাণিজ্যে সরাসরি জড়িয়ে গেছেন।পত্রিকার প্রতিবেদন অনুযায়ী, ২০০৬ সালের মে মাসে মার্কিন কূটনীতিকেরা বার্তা পাঠান যে তেল ও গ্যাস খাত, টেলিযোগাযোগ, অবকাঠামো উন্নয়ন, হোটেল, সংবাদমাধ্যম, ভোগ্যপণ্য—এসব ব্যবসার প্রতি গাদ্দাফির পরিবারের সদস্যদের বেশ আগ্রহ রয়েছে। প্রকাশিত বার্তা অনুযায়ী মার্কিন কর্মকর্তাদের দাবি, জাতীয় তেল কোম্পানি ও তেল খাতে দেওয়া ভর্তুকি থেকে গাদ্দাফির সন্তানেরা কাঁড়ি কাঁড়ি অর্থ আয় করেছেন। তাঁরা এমন এক খাতে মজবুত অবস্থান নেন, যে খাতে তেল রপ্তানি করে কোটি কোটি ডলারের রাজস্ব আসে। গাদ্দাফির দ্বিতীয় ছেলে সাইফ আল-ইসলাম, যাঁকে বাবার পরবর্তী উত্তরাধিকারী বলে গণ্য করা হয়, তিনি তাঁর ‘ওয়ান-নাইন গ্রুপ’ কোম্পানির ভর্তুকির মাধ্যমে দেশের তেলশিল্পে প্রবেশ করেন।কূটনৈতিক বার্তা অনুযায়ী, জ্বালানি ও নির্মাণ খাতের সঙ্গে গাদ্দাফির মেয়ে আয়েশা মুয়াম্মারের ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে। দেশের টেলিযোগাযোগ ও ইন্টারনেট সেবার ক্ষেত্রে গাদ্দাফির বড় ছেলে মোহাম্মদ একজন রাঘব বোয়াল। তৃতীয় ছেলে সাদি তাঁর সামরিক পেশার বাইরে অলিম্পিক কমিটিতে আছেন। তবে কোকাকোলার ব্যবসা নিয়ে গাদ্দাফির পরিবারে রয়েছে ত্রিমুখী বিরোধ। কূটনৈতিক বার্তা অনুযায়ী এ বিরোধ খুবই জটিল। ২০০৯ সালে ইতালির ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত এল অ্যাকুইলা শহরে হোটেল ও পানির বোতলের একটি কারখানায় দুই কোটি ১৯ লাখ ডলার বিনিয়োগে সম্মত হন গাদ্দাফি।দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার বিভিন্ন সংস্থা ও প্রতিষ্ঠান গাদ্দাফির এসব সম্পদ খুঁজে বের করে তা জব্দ করতে বিদেশি আইন প্রয়োগকারী সংস্থাগুলোর প্রতি আহ্বান জানিয়েছে। ফাঁস হওয়া ২০০৯ সালের মার্চের একটি কূটনৈতিক নথিতে গাদ্দাফি পরিবারের অন্তর্দ্বন্দ্ব আরও প্রকট হয়ে উঠেছে। এতে মার্কিন কূটনীতিকেরা দাবি করেন, সাইফ-আল ইসলামের প্রস্তাবিত রাজনৈতিক-অর্থনৈতিক সংস্কারে তিনি সবচেয়ে লোভনীয় অর্থনৈতিক খাতগুলোকে কুক্ষিগত করার চেষ্টা চালান। এতে পারিবারিক দ্বন্দ্ব প্রকাশ্যে রূপ নেয়। এএফপি ও গার্ডিয়ান অনলাইন।