গাদ্দাফির বাসভবনের নিচে কয়েক মাইলজুড়ে সুড়ঙ্গ!
লিবিয়ার নেতা মুয়াম্মার গাদ্দাফির বাব আল-আজিজিয়া ভবন চত্বরের নিচে কয়েক মাইলজুড়ে বিশাল সুড়ঙ্গ ও বাংকার পাওয়া গেছে। আবিষ্কৃত হয়েছে অলিম্পিক ধাঁচের সুইমিংপুল ও বিলাসবহুল গাড়ি রাখার স্থান। এসব এমনভাবে ছড়িয়ে আছে, তা যেন গোলকধাঁধার মতো।গাদ্দাফিবিরোধী বিক্ষোভকারী ৩৫ বছরের এক ব্যক্তি গত বৃহস্পতিবার বলেন, লিবিয়ার জনগণের টাকায় গাদ্দাফি এসব করেছেন। ওই ব্যক্তি গত বুধবার কারাগার থেকে মুক্ত হন। গাদ্দাফিবিরোধী বিক্ষোভে অংশ নেওয়ায় তাঁকে আটক করা হয়।ওই বিক্ষোভকারী এএফপিকে বলেন, ‘ওরা আমার নখ উপড়ে নিয়েছে।’ বিধ্বস্ত সুড়ঙ্গপথে ক্ষতিপূরণ খুঁজছিলেন তিনি, যেখানে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে কাপড়, খাদ্য ও বুলেটশূন্য গুলির আধার। রয়েছে বিশাল একটি কক্ষ। সেখানে কয়েকটি টেবিলের ওপর অনেক নোটবুক। কিছু বইয়ের তাকও রয়েছে। এসব তাকে হার্ডড্রাইভ ও কম্পিউটারের সার্ভার রয়েছে।অন্যান্য কক্ষে ব্যাপক ভাঙচুরের চিহ্ন। অস্ত্রভান্ডারে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে গোলাবারুদ। ব্রাজিলের প্রখ্যাত প্লাস্টিক সার্জন লিয়াসির রিবেইরো ১৯৯৪ সালে গাদ্দাফির চোখের নিচে অস্ত্রোপচার করেছিলেন। তখন গাদ্দাফির বিলাসবহুল বাংকার পরিদর্শনের সুযোগ হয়েছিল তাঁর। ওই অভিজ্ঞতা তিনি গত বুধবার এএফপির কাছে বর্ণনা করেন। রিবেইরো বলেন, ‘ত্রিপোলির একটি চিকিৎসক সম্মেলনে যোগ দিয়েছি। হঠাৎ লিবিয়ার স্বাস্থ্যমন্ত্রী বললেন, “চলুন, আমার প্রিয় একজন মানুষের স্বাস্থ্য পরীক্ষা করবেন”।’রিবেইরো বলেন, ‘আমি ভেবেছিলাম, স্বাস্থ্যমন্ত্রীর স্ত্রী হবেন হয়তো। যাক, তাঁর গাড়িতে করে আমাকে নেওয়া হলো একটা আধুনিক বাংকারে। সেখানে একটা পাঠকক্ষে বসতে দেওয়া হলো। অপেক্ষা করছি, একপর্যায়ে গাদ্দাফি আমাকে স্বাগত জানালেন। সেখানে সুইমিংপুল ও শরীরচর্চার ব্যবস্থা ছিল।’ এএফপি।