গাদ্দাফির বিরুদ্ধে লিবিয়ার ১৭ শীর্ষ ফুটবল তারকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লিবিয়ার নেতা মুয়াম্মার গাদ্দাফির বিরুদ্ধে এবার অবস্থান নিয়েছেন দেশের শীর্ষস্থানীয় ১৭ জন ফুটবল তারকা। গতকাল শনিবার বিবিসির সঙ্গে কথা বলা সময় তাঁরা গাদ্দাফিকে সরে যাওয়ার আহ্বান জানান। এদিকে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গাদ্দাফি ও তাঁর ছেলে সাইফ আল ইসলামের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে পারেন আন্তর্জাতিক অপরাধ আদালত। এ ব্যাপারে আগামীকাল সোমবার সিদ্ধান্ত নেবেন ওই আদালত।বিদ্রোহীদের প্রতি সমর্থন জানানো তারকা খেলোয়াড়দের মধ্যে সে দেশের জাতীয় ফুটবল দলের গোলরক্ষক জুমাসহ চারজন রয়েছেন। এ ছাড়া ত্রিপোলির নামকরা ফুটবল ক্লাব আল-আহলির কোচ আদেল বিন ইসাও এখন গাদ্দাফির বিরুদ্ধে। এভাবে ১৭ জন তারকা গাদ্দাফির পদত্যাগ দাবি করেছেন। বিদ্রোহী নিয়ন্ত্রিত পশ্চিমাঞ্চলীয় নাফুসা পাহাড়ি এলাকার একটি হোটেলে বৈঠকের সময় বিবিসিকে তাঁরা বিদ্রোহীদের প্রতি সমর্থনের ঘোষণা দেন। সামরিক কর্মকর্তাদের পর এবার ফুটবল তারকারা গাদ্দাফির বিরুদ্ধে অবস্থান নিলেন। এতে বিদ্রোহীদের প্রতি জনসমর্থন আরও বাড়বে বলে ধারণা করা হচ্ছে। কারণ, এ তারকা ফুটবল খেলোয়াড়দের প্রতি সাধারণ মানুষের শ্রদ্ধা রয়েছে। গোলরক্ষক জুমা বিবিসিকে বলেন, ক্ষমতা গ্রহণের পর থেকে গাদ্দাফি কিছুই করেননি। এ দেশে যথাযথ অবকাঠামো ও স্বাস্থ্যসেবা নেই। তাঁর ৪২ বছরের দুঃশাসনের ফল এটি। তিনি বলেন, ‘আমি তাঁর (গাদ্দাফি) উদ্দেশে বলতে চাই, আমাদের রেহাই দিন, লিবিয়াবাসীকে নতুন লিবিয়ার আনন্দ উপভোগ করতে দিন।’ফুটবল প্রশিক্ষক ইসা বলেন, তিনি এ বার্তা পাঠাতে চান, লিবিয়া হবে ঐক্যের ও স্বাধীন। তিনি আশা প্রকাশ করেন, ‘একদিন সকালে উঠে দেখব, গাদ্দাফি আর ক্ষমতায় নেই।’ গত ফেব্রুয়ারির মাঝামাঝি সময় থেকে গাদ্দাফিবিরোধী লড়াই চলছে। এ সময়ের মধ্যে গাদ্দাফি বাহিনী মানবতাবিরোধী অপরাধ করেছে বলে অভিযোগ উঠেছে। এ অপরাধে জড়িত থাকার অভিযোগে আন্তর্জাতিক অপরাধ আদালতের কৌঁসুলি মোরেনো-ক্যামপো গাদ্দাফি ও তাঁর ছেলে সাইফ আল ইসলাম এবং গাদ্দাফির আত্মীয় গোয়েন্দা বাহিনীর প্রধান আবদুল্লাহ আল-সেনুসির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির জন্য আদালতকে অনুরোধ জানান। তাঁর অনুরোধের পরিপ্রেক্ষিতে তিন সদস্যদের একটি বিচারক প্যানেল আগামীকাল এই গ্রেপ্তারি পরোয়ানা জারি করার বিষয়ে সিদ্ধান্ত দেবেন। এএফপি ও বিবিসি।