গান গাওয়ায় প্রতিবেশীদের অভিযোগ, আদালতে সাজা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মনের সুখে নিজের বাড়িতে বসে গান গাচ্ছিলেন তিনি। কিন্তু প্রতিবেশীদের তা সহ্য হয়নি। প্রতিবেশীদের অভিযোগ, ওই গান অত্যন্ত কর্কশ। শেষে আদালতে গিয়ে অভিযোগ জানান তাঁরা। অভিযুক্ত নারীকে আটক করে পুলিশ। গান গেয়ে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ওই নারীকে সাজাও দিয়েছেন আদালত।

এনডিটিভির খবরে বলা হয়েছে, যুক্তরাজ্যে নরউইচ শহরে গত বছর এ ঘটনা ঘটে। আদালত গত ডিসেম্বরে অভিযুক্ত নারীকে সাজা দেন। তাঁর উচ্চ স্বরে গান করায় নিষেধাজ্ঞা দেওয়া হয়। আদালত বলেন, বাড়ির বাইরে কেউ শুনতে পাবে, এমন উচ্চ স্বরে গান গাওয়া যাবে না। তবে ওই নারীর প্রতিবেশীরা অভিযোগ করে বলেছেন, আদালতের আদেশের পর থেকে চলতি বছরে এ পর্যন্ত আরও তিনবার তা ভঙ্গ করে গান গেয়েছেন সেই নারী। 


নরউইচ শহরের একটি বহুতল ভবনের নিচতলায় থাকেন ওই নারী। তাঁর এক প্রতিবেশী জানিয়েছেন, ওই নারীর গানে ‘চিৎকার’ ছাড়া আর কিছু বোঝা যায় না। প্রতিবেশী বলেন, ‘আমি ভেবেছিলাম তিনি চিৎকার করছেন।’

ডেইলি মেইলের খবরে বলা হয়েছে, কিছু প্রতিবেশী ওই নারীর গাওয়া গান রেকর্ড করেছিলেন। সেই রেকর্ড আদালতে উপস্থাপন করা হয়েছিল। এরপর শৃঙ্খলাভঙ্গের অভিযোগে আদালত তাঁকে দোষী সাব্যস্ত করে রায় দেন। তাঁকে গ্রেপ্তারের জন্য আদালত অজামিনযোগ্য ওয়ারেন্ট জারি করেছিলেন।

এর আগে মসলাযুক্ত খাবার রান্না করার অভিযোগ তুলে প্রতিবেশীর বিরুদ্ধে মামলা করেছিলেন আরেক নারী। দুই বছর আগে লন্ডনের দক্ষিণাঞ্চলে ওই ঘটনা ঘটেছিল।