গানজুরি মিসরের নতুন প্রধানমন্ত্রী তাহরির স্কয়ারে বিক্ষোভ চলছেই
মিসরের ক্ষমতাসীন সেনা পর্ষদ সাবেক প্রধানমন্ত্রী কামাল আল-গানজুরিকে নতুন প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছে। এদিকে বেসামরিক কর্তৃপক্ষের কাছে দ্রুত ক্ষমতা হস্তান্তরের আহ্বান জানিয়েছে ওয়াশিংটন। অন্যদিকে সেনা শাসন অবসানের দাবিতে গতকালও কায়রোর তাহরির স্কয়ারে জড়ো হয় হাজার হাজার বিক্ষোভকারী। তারা নির্বাচনের আগেই সেনা শাসনের অবসান চায়।গতকাল শুক্রবার মিসরের সরকারি টেলিভিশনে বলা হয়, ক্ষমতাসীন সামরিক পর্ষদ কামাল আল-গানজুরিকে (৭৯) নতুন প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছে।গানজুরি ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট হোসনি মোবারকের আমলে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন।টেলিভিশনে বলা হয়, ‘ফিল্ড মার্শাল হুসেইন তানতাবি কামাল আল-গানজুরিকে নতুন প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।’তাহরির স্কয়ারে সমবেত বিক্ষোভকারীরা গানজুরিকে নিয়োগের তীব্র সমালোচনা করেছে।এদিকে হোয়াইট হাউস বলেছে, মিসরে ‘যত দ্রুত সম্ভব’ বেসামরিক কর্তৃপক্ষের কাছে ক্ষমতা হস্তান্তর করা উচিত।হোয়াইট হাউসের বিবৃতিতে বলা হয়, যুক্তরাষ্ট্র দৃঢ়ভাবে বিশ্বাস করে, মিসরের নতুন সরকারের কাছে প্রকৃত কর্তৃত্বসহ অবিলম্বে ক্ষমতা হস্তান্তর করা উচিত।অন্যদিকে সেনা শাসন অবসানের দাবিতে গতকালও তাহরির স্কয়ারে সমবেত হয় হাজার হাজার বিক্ষোভকারী। এক সপ্তাহে ধরে সেখানে জনতার বিক্ষোভ চলছে। বিক্ষোভকারীরা সোমবার শুরু হতে যাওয়া পার্লামেন্ট নির্বাচন স্থগিত করার দাবি জানাচ্ছে।গতকাল তাহরির স্কয়ারে সমবেত হাজার হাজার বিক্ষোভকারী জুমার নামাজে অংশ নেয়।বার্তা সংস্থা এএফপি জানায়, তাহরির স্কয়ারে অনুষ্ঠিত জুমার নামাজের ইমাম সেনাবাহিনীর প্রতি ক্ষমতা হস্তান্তরের আহ্বান জানিয়েছেন। ইমাম শেখ মাজহার শাহিন বলেন, দাবি পূরণ না হওয়া পর্যন্ত বিক্ষোভকারীরা তাহরির স্কয়ারে অবস্থান করবে। সামরিক পর্ষদের কাছ থেকে দেশের দায়িত্ব নেওয়ার জন্য একটি জাতীয় পরিত্রাণ সরকার গঠনেরও আহ্বান জানিয়েছেন তিনি।দ্য সুপ্রিম কাউন্সিল অব দ্য আর্মড ফোর্সেস ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া জোরদারের প্রতিশ্রুতি দিলেও অনেক বিক্ষোভকারীর আশঙ্কা, সামরিক বাহিনী ক্ষমতা আঁকড়ে রাখতে চায়। বিক্ষোভকারীরা পার্লামেন্ট নির্বাচনের আগেই সেনা শাসনের অবসান চায়।সেনা পর্ষদ বলছে, তাদের কোনো রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা নেই। প্রেসিডেন্ট নির্বাচনের পর নির্বাচিত বেসামরিক কর্তৃপক্ষের কাছে তারা ক্ষমতা হস্তান্তর করবে। ২০১২ সালের জুনের মধ্যে প্রেসিডেন্ট নির্বাচন হওয়ার কথা।তাহরির স্কয়ারে জড়ো হওয়া বিক্ষোভকারীরা সোমবারের পার্লামেন্ট নির্বাচন স্থগিত করার দাবি জানালেও পরিকল্পনা অনুযায়ী পার্লামেন্ট নির্বাচন চান দেশটির অনেকেই। প্রভাবশালী গোষ্ঠী মুসলিম ব্রাদারহুড তাহরির স্কয়ারের বিক্ষোভ সমর্থন করছে না। গোষ্ঠীটি পার্লামেন্ট নির্বাচনে ভালো ফলাফল করবে বলে মনে করা হচ্ছে।নির্বাচনের পক্ষে পাল্টা সমাবেশের আয়োজন করেছে মুসলিম ব্রাদারহুড। গোষ্ঠীটির সমর্থকেরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে সমবেত হতে শুরু করেছে।মিসরের সরকারি বার্তা সংস্থা মিনা জানায়, গত বৃহস্পতিবার আলেকজান্দ্রিয়া ও তানতা নগরে নিরাপত্তা বাহিনী ও বিক্ষোভকারীদের মধ্যে নতুন করে সংঘর্ষ হয়েছে। এএফপি, বিবিসি।