গান্ধী নামে ভর করেই রবার্ট ভদ্র কোটিপতি!
গান্ধী পরিবারের সঙ্গে আত্মীয়তার সম্পর্কের সুবাদেই রবার্ট ভদ্র লাখ লাখ রুপি বানাতে সক্ষম হয়েছেন। এখন তিনি অগাধ টাকার মালিক। যুক্তরাষ্ট্রের প্রভাবশালী পত্রিকা দ্য ওয়াল স্ট্রিট জার্নাল-এর এক প্রতিবেদনে এ মন্তব্য করা হয়েছে।
ক্ষমতাসীন কংগ্রেস সরকারের আমলে লাগামহীন দুর্নীতির বিষয়টি চলতি লোকসভা নির্বাচনে বিরোধীদের প্রচারণায় প্রাধান্য পাচ্ছে। এমন প্রেক্ষাপটে মার্কিন পত্রিকাটির ওই খবর ভোটারদের মনে আরও প্রভাব ফেলতে পারে। খবরটিতে রবার্ট ভদ্রের একেবারে অপরিচিত একজন মানুষ থেকে রীতিমতো দেশের একজন বড় আবাসন ব্যবসায়ীতে পরিণত হওয়ার বর্ণনা তুলে ধরা হয়েছে। এতে আছে ভদ্র কীভাবে ২০০৯ সালে রাজস্থান রাজ্যের ছোট্ট শহর কোলাবাতসহ দেশের বিভিন্ন এলাকায় বিপুল পরিমাণ কৃষিজমি কিনে নিয়েছেন তার ইতিবৃত্ত।
দ্য ওয়াল স্ট্রিট জার্নাল আরও দাবি করেছে, ভদ্র ওই সব জমি কেনা শুরু করার পরপরই কেন্দ্রীয় কংগ্রেস সরকার বৃহৎ পরিসরে সৌরবিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা ঘোষণা করে। ওই প্রকল্পের জন্য ভূমির দরকার পড়ে এবং বলা হয় ভদ্রের কেনা জমি এ জন্য উপযোগী। পত্রিকাটি লিখেছে, ভদ্র জমি কেনা অব্যাহত রাখেন এবং ২০১১ সালে সরকার সৌরবিদ্যুৎ-সংক্রান্ত ওই ঘোষণা দেয়।
রবার্ট ভদ্রের প্রাথমিক জীবনের উল্লেখ করে পত্রিকাটি লিখেছে, মাত্র মাধ্যমিক পর্যন্ত পড়াশোনা করা ৪৪ বছর বয়সী এই ব্যক্তির আবাসন খাতের কোনো অভিজ্ঞতা ছিল না। কিন্তু ২০০৪ সালে কংগ্রেস ক্ষমতায় আসার পর একদশকে বিপুল অর্থের মালিক হয়েছেন। ২০১২ সালে তিনি ১২ মিলিয়ন ডলার মূল্যের জমি বেচেছেন। তখন তাঁর মালিকানায় থাকা জমির মূল্য ছিল ৪২ মিলিয়ন ডলারের মতো। জি নিউজ।