গান্ধী বধে বিজেপির ব্রহ্মাস্ত্র 'জামাইবাবু'

ভারতের কংগ্রেস পার্টি ও বিজেপির বাকযুদ্ধ আজ রোববার আরও তীব্র আকার নিয়েছে। প্রিয়াঙ্কা গান্ধী বিজেপি নেতা নরেন্দ্র মোদির ‘৫৬ ইঞ্চি বুকের পাটা’ নিয়ে মশকরা করার পরপরই পাল্টা বান ছুড়েছে বিজেপি।
প্রিয়াঙ্কা গান্ধীর স্বামী রবার্ট ভদ্রের তীব্র সমালোচনাসূচক একটি ভিডিওচিত্র প্রকাশ করেছে বিজেপি। ভিডিওটির শিরোনাম ‘দামাদ শ্রী’ বা ‘জামাই বাবু’। ওই ভিডিওতে বলা হয়েছে, গান্ধী পরিবারের জামাতা হওয়ার বদৌলতে রবার্ট ভদ্র হরিয়ানা ও রাজস্থানে বেআইনিভাবে সরকারি জায়গা বরাদ্দ নিয়েছেন; একের পর এক দুর্নীতি করেছেন। কিন্তু ‘জামাই বাবু’ বলে প্রশাসন তাঁকে ছাড় দিয়ে আসছে।
সম্প্রতি গোরাখপুরে নির্বাচনী সভায় সমাজবাদী পার্টির নেতা মুলায়াম সিং যাদবকে উদ্দেশ করে নরেন্দ্র মোদি বলেছেন, উত্তর প্রদেশকে গুজরাটে পরিণত করার মানে তিনি (মুলায়াম সিং) জানেন না। উন্নয়নমূলক এই কাজে ৫৬ ইঞ্চি বুকের পাটা লাগে যা মুলায়ামের নেই।
এই কথার জের ধরে আজ রায়বেরেলিতে এক সভায় প্রিয়াঙ্কা গান্ধি মোদির উদ্দেশে বলেন, দেশ পরিচালনায় ৫৬ ইঞ্চি বুকের পাটার দরকার নেই, দরকার বড় মনের। দরকার নৈতিক শক্তি।
এরপরই বিজেপি ভিডিওটি প্রকাশ করে। এতে বলা হয়, রবার্ট ভদ্র যেভাবে কংগ্রেস নেতৃত্বাধীন সরকারের আনুকূল্য নিয়ে সরকারি জমি গ্রাস করেছেন তার জবাব সোনিয়া গান্ধি ও রাহুল গান্ধিকে দিতে হবে।