গান্ধীকে জাতির জনকের উপাধি সরকার দেয়নি
গোটা বিশ্বেই মহাত্মা গান্ধী ভারতের জাতির জনক হিসেবে পরিচিত। লোকমুখেও জাতির জনক হিসেবেই তাঁর নাম শোনা যায়। তবে ভারত সরকার মহাত্মা গান্ধীকে জাতির জনকের উপাধি দিয়েছিল কি না, এমন প্রশ্নের জবাবে গত বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তাঁকে জাতির জনক উপাধি দেওয়ার জন্য কখনো কোনো সরকারি নির্দেশিকা জারি হয়নি।বুধবার নয়াদিল্লিতে ডিরেক্টর অ্যান্ড সেন্ট্রাল পাবলিক ইনফরমেশন অফিসার (সিপিআইও) শ্যামল মোহন জানান, সাধারণ মানুষের মধ্যে মহাত্মা গান্ধী জাতির জনক হিসেবে পরিচিত হয়ে ওঠেন। কিন্তু সরকারিভাবে তাঁকে জাতির জনকের উপাধি বা খেতাব দেওয়া হয়নি।এর আগে গত ফেব্রুয়ারি মাসে ঐশ্বর্য পরাসর নামে ষষ্ঠ শ্রেণীর এক ছাত্রী তথ্য অধিকার আইনের বলে একই তথ্য জানতে চেয়ে প্রধানমন্ত্রীর দপ্তরে চিঠি লিখেছিল। পরে সেই চিঠি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠিয়ে দেওয়া হয়। সে সময় সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল, সরকারি নথিতে এ-সংক্রান্ত কিছু উল্লেখ নেই।