গান্ধীর আশ্রমে আমন্ত্রণ!
বিশ্বে অহিংস আন্দোলন ও কৃচ্ছ্রসাধনের এক উজ্জ্বল দৃষ্টান্ত রেখে গেছেন মহাত্মা গান্ধী। ভারতের স্বাধীনতা আন্দোলনের সর্বজনশ্রদ্ধেয় এই নেতার আশ্রমে এখন থেকে রাতযাপনের সুযোগ পাবেন পর্যটকেরা। বিশেষ করে যাঁরা শান্তি ও সহজিয়া জীবনের অনুসন্ধান করছেন, তাঁদের জন্য এক অনন্য অভিজ্ঞতা হতে পারে এটি।
পশ্চিম ভারতের গুজরাট রাজ্যে ১৯১৫ সালে গান্ধীর প্রতিষ্ঠিত প্রথম আশ্রমটিতে পর্যটকেরা এ সুযোগ পাবেন। গান্ধীর সবচেয়ে খ্যাতনামা এ আশ্রমের নাম এখন কোচরাব আশ্রম। এখানে থাকার ক্ষেত্রে শর্ত হচ্ছে পর্যটকদের আধুনিক জীবনের আরাম-আয়েশ ত্যাগ করতে হবে। এক হাজার রুপির বিনিময়ে এক রাত থাকা যায়।
গত মাসের শুরুর দিকে আশ্রমটি পর্যটকদের জন্য খুলে দেওয়া হয়। আশ্রমে অবস্থানের সময় পর্যটকদের পরার জন্য তাঁতে বোনা খাদি কাপড় দেওয়া হয়। কেউ চাইলে নিজে চরকায় সুতা কাটারও চেষ্টা করতে পারেন। আশ্রমে প্রার্থনায় যোগ দেওয়া ও ধ্যান করার সুযোগ তো রয়েছেই।
আশ্রমে অবস্থানকালে সবাইকে অবশ্যই গান্ধীর ১১টি ব্রতের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করতে হবে। এর মধ্যে রয়েছে অহিংসা, দেশি পণ্য ব্যবহার করা, প্রতিদিনের খাদ্য জোটাতে কাজ করা, কৃচ্ছ্রসাধন ও পরিমিত আহার করা ইত্যাদি। এ ছাড়া গান্ধীর মতো প্রতিদিন ভোর পাঁচটায় শয্যাত্যাগ ও প্রাতর্ভ্রমণের মতো অভ্যাস চর্চার জন্য অনুপ্রেরণা দেওয়া হয়।
স্থানীয় পর্যটন প্রতিনিধি নিশ্চলাবালাম ভরত বলেন, পর্যটকদের কিছু সময়ের জন্য হলেও গান্ধীর মহৎ ও সরল জীবনযাপনের সঙ্গে পরিচিত করিয়ে দেওয়াই এ উদ্যোগের মূল লক্ষ্য। হতে পারে, এতে জীবন, জগৎ ও প্রকৃতির প্রতি পর্যটকদের প্রচলিত ধারণা পাল্টে যাবে। তাঁরা মানসিক প্রশান্তিও পেতে পারেন। এএফপি।