গান্ধীর চিঠি ও জিনিসপত্র কিনে নিল ভারত সরকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মহাত্মা গান্ধীর কিছু চিঠি, কাগজপত্র ও আলোকচিত্রের একটি সংগ্রহ নিলামে তোলার আগেই ১১ লাখ ডলারে কিনে নিয়েছে ভারত সরকার। গান্ধীর ব্যবহূত এসব জিনিস গতকাল মঙ্গলবার লন্ডনের নিলামকারী প্রতিষ্ঠান সাদাবিজের নিলাম তোলার কথা ছিল।গান্ধীর ঘনিষ্ঠ বন্ধু ও জার্মান ইহুদি স্থপতি হারমেন কালেনবাখের সংগ্রহশালায় এসব জিনিসপত্র সংরক্ষিত ছিল। ভারতীয় ঐতিহাসিক রামচন্দ্র গুহ কালেনবাখের নাতনি ইসা সরিডের বাসায় জিনিসগুলোর সন্ধান পান। গণমাধ্যমের খবরে বলা হয়েছে, কালেনবাখের বেঁচে থাকা আত্মীয়স্বজনের সঙ্গে কয়েক সপ্তাহের নিবিড় আলোচনার পর ভারত সরকার গান্ধীর ওই সব জিনিস কিনে নেয়। এর আগে ভারত গান্ধীর ব্যবহূত ব্যক্তিগত জিনিসপত্রের নিলামের তীব্র বিরোধিতা করে বলেছে, যে ব্যক্তি জীবদ্দশায় বৈষয়িক সম্পত্তি ত্যাগ করেছিলেন, মৃত্যুর পর তাঁর জিনিসপত্র নিলামে তোলা তাঁকে অশ্রদ্ধা করার শামিল।ভারতের সংস্কৃতি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব সঞ্জীব মিত্তাল বলেন, ‘গান্ধীর ব্যবহূত জিনিসপত্রের সংগ্রহ কেনার জন্য সরকার ১১ লাখ ডলার (সাত লাখ পাউন্ড) পরিশোধ করেছে। এসব জিনিস ভারতে ফিরিয়ে আনার পর জাতীয় সংগ্রহশালায় সংরক্ষণ করা হবে।’সঞ্জীব মিত্তাল আরও বলেন, ‘এরই মধ্যে আমরা কালেনবাখের সঙ্গে গান্ধীর আদান-প্রদান করা কয়েকটি চিঠি সংগ্রহ করেছি। তবে নতুন কিছু চিঠি সংগ্রহ করতে পারায় আমাদের সংগ্রহে যে ঘাটতি ছিল, তা পূরণ করা সম্ভব হবে।’ ১৯০৫ থেকে ১৯৪৫ সাল পর্যন্ত মহাত্মা গান্ধী তাঁর আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব ও ভক্তদের সঙ্গে চিঠির আদান-প্রদান করেছেন। এর মধ্যে তিনি ১৩টি চিঠি কালেনবাখকে লিখেছিলেন। সেসব চিঠিতে গান্ধী তাঁর প্রাথমিক রাজনৈতিক প্রচারণা ও স্ত্রী কস্তুরবার অসুস্থতার কথা উল্লেখ করেছিলেন। এ ছাড়া একটি চিঠিতে গান্ধী লিখেছেন, ‘আমি ভারতকে অনগ্রসর দেখতে চাই না।’১৯০৪ সালে দক্ষিণ আফ্রিকায় গান্ধীর সঙ্গে হারমেনের পরিচয় হয়। দীর্ঘ ২০ বছর দক্ষিণ আফ্রিকায় থাকাকালে গান্ধী জনগণের অধিকার ও অহিংস দর্শনের আন্দোলন শুরু করেন। সে সময় তাঁর মতাদর্শে দারুণভাবে অনুপ্রাণিত হন হারমেন। ১৯১৫ সালে গান্ধী ভারতে ফেরার পরও দুজনের বন্ধুত্ব অক্ষুণ্ন ছিল। এএফপি।