গাম্বিয়ায় ক্ষমতা হস্তান্তর নিয়ে গভীর অনিশ্চয়তা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাম্বিয়ার প্রেসিডেন্ট ইয়াহইয়া জামেহ নির্বাচনে হেরে গিয়েও ক্ষমতা ছাড়তে রাজি না হওয়ায় বিজয়ী প্রার্থী অ্যাডাম বারো আঞ্চলিক প্রভাবশালী নেতাদের সঙ্গে কথা বলতে মালিতে গিয়েছেন। ক্ষমতা ছাড়তে জামেহর অনিচ্ছার কারণে দেশটিতে সৃষ্টি হয়েছে গভীর রাজনৈতিক অনিশ্চয়তার।
১ ডিসেম্বর গাম্বিয়ায় প্রেসিডেন্ট নির্বাচনে অ্যাডাম বারোর কাছে হেরে যান বর্তমান প্রেসিডেন্ট ইয়াহইয়া জামেহ। তিনি প্রথমে পরাজয় মেনে নিলেও পরে ক্ষমতা ছাড়তে অস্বীকৃতি জানান। ১৯ জানুয়ারি জামেহর সরকারের এবারের পাঁচ বছরের মেয়াদ শেষ হওয়ার কথা। সেই সঙ্গে অবসান ঘটার কথা তাঁর ২২ বছরের শাসনের।
ক্ষমতা হস্তান্তরের জন্য জামেহকে বোঝাতে নাইজেরিয়ার প্রেসিডেন্ট মোহাম্মাদু বুহারির নেতৃত্বে তিন দেশের একটি প্রতিনিধিদল শুক্রবার গাম্বিয়ায় যায়। কিন্তু বুহারির পররাষ্ট্রমন্ত্রী পরে জানান, আলোচনা ব্যর্থ হয়েছে।