গাড়িতে চড়ে গরুর ভ্রমণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাড়ির পেছনের আসনে গরু
ছবি: সংগৃহীত

ব্যক্তিগত গাড়িটি দাঁড়িয়ে আছে একটি ফাস্ট ফুড শপের প্রাঙ্গণে। পেছনের আসনের আরোহী বদ্ধ জানালার কাচ গলে বাইরে তাকিয়ে আছে আনমনে। সেই আরোহীকে নিয়েই বাইরের মানুষগুলোর যত আগ্রহ। হবেই-বা না কেন? আরোহী যে একটি গরু!

সড়কে মাঝেমধ্যেই ট্রাকের পেছনভাগে গরু বহন করতে দেখা যায়। তবে ব্যক্তিগত গাড়িতে গরুর ভ্রমণের কথা খুব কম মানুষই হয়তো শুনেছেন। ওপরে বর্ণিত ঘটনাটি ঘটেছে যুক্তরাষ্ট্রের উইসকনসিনে সম্প্রতি। এক ব্যক্তি তাঁর গাড়ির পেছনে আরোহীর আসনে গরু তুলে গিয়েছিলেন ওই ফাস্ট ফুড শপে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

খবরে বলা হয়, জেসিকা নেলসন নামের এক নারী উইসকনসিনের মার্শফিল্ডে ম্যাকডোনাল্ডসের একটি শপে গাড়ির অপেক্ষায় ছিলেন। এ সময় তিনি দেখতে পান, কিছু দূরেই একটি ব্যক্তিগত গাড়িতে পেছনের আরোহীর আসনে একটি গরু। মুঠোফোনে ঘটনাটির ভিডিও ধারণ করেন জেসিকা। এরপর তা ছেড়ে দেন সামাজিক যোগাযোগমাধ্যমে। দ্রুতই ভিডিওটি ছড়িয়ে পড়ে।

জেসিকা বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসকে বলেন, ‘প্রথম দেখায় আমার মনে হয়েছিল, গাড়ির জানালার গায়ে গরুর কোনো ছবি সাঁটানো। কেই-বা গরুকে গাড়িতে তুলতে যাবে বলুন। কিন্তু হঠাৎ দেখলাম, গরুটার মাথা নড়ে উঠল। বুঝে গেলাম, ভুল কিছু দেখছি না। সেটি আসলে একটি বাছুর ছিল। সঙ্গে সঙ্গে ভিডিওটি করলাম।’

পরে জানা যায়, ওই গাড়িতে একটি নয়, তিনটি বাছুর ছিল। মার্কিন সংবাদমাধ্যম সিবিএসকে জেসিকা বলেন, ‘পরে জানতে পারি, গাড়িটির পেছনের আসনে তিনটি বাছুর ছিল। দুটি শুয়ে ছিল, একটি দাঁড়িয়ে জানালার বাইরে তাকিয়ে ছিল।’ তিনি জানান, খোঁজখবর নিয়ে তিনি জানতে পেরেছেন, বাছুরগুলো একটি নিলামে তোলার জন্য নেওয়া হয়েছিল।

গাড়ির পেছনের আসনে গরুর সেই ভিডিও দেখে সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই অনেক মন্তব্য করেছেন। ক্যাথি হেনসলার মজা করে বলেছেন, গরুগুলো হয়তো ফাস্ট ফুড শপে গিয়েছিল ফ্রেঞ্চ ফ্রাই খেতে। লিন্ডা পেম্পেক নামের আরেকজন মন্তব্য করেছেন, গরুটি দুপুরের খাবারে কী অর্ডার করেছিল, জানতে ইচ্ছে করছে।