গাড়িবোমা হামলার ষড়যন্ত্রের অভিযোগে মার্কিন তরুণ আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রে গাড়িবোমা হামলার ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগে ১৮ বছর বয়সী মার্কিন তরুণ আদেল দাউদকে গত শুক্রবার রাতে আটক করা হয়েছে। দেশটির কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা (এফবিআই) জানায়, ইলিনয় অঙ্গরাজ্যের শিকাগো নগরে একটি পানশালার বাইরে ওই হামলার পরিকল্পনা করেছিলেন দাউদ।শিকাগোয় মার্কিন সরকারি আইনজীবীর দপ্তর সূত্র জানায়, মার্কিনদের হত্যার জন্য ‘সহিংস জিহাদ’ অভিযানের ব্যাপারে ইন্টারনেটে দাউদ কয়েকটি মন্তব্য করেছিলেন। সেই সূত্র ধরে তাঁকে আটক করে এফবিআই। তবে দাউদের কাছ থেকে উদ্ধার করা বোমাটি ছিল নকল। তিনি শিকাগো শহরতলির হিলসাইড এলাকার বাসিন্দা। সাধারণ মানুষের ওপর সশস্ত্র হামলার চেষ্টা ও একটি ভবন ধ্বংসচেষ্টার অভিযোগে তাঁকে গত শনিবার আদালতে হাজির করা হয়। দোষী সাব্যস্ত হলে তাঁর সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে।যুক্তরাষ্ট্রে সন্ত্রাসী হামলার ষড়যন্ত্রের অভিযোগে সন্দেহভাজন বেশ কয়েকজনকে সাম্প্রতিক বছরগুলোতে আটক করা হয়েছে। তবে মুসলিম সংগঠন ও বেসামরিক মানবাধিকার সংগঠনগুলো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এ ধরনের উদ্যোগে উদ্বেগ প্রকাশ করে আসছে। বিবিসি ও এএফপি।