গাড়িবোমায় নিহত ৪০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গৃহযুদ্ধপীড়িত সিরিয়ার রাজধানী দামেস্কের কাছে একটি মসজিদের বাইরে শুক্রবার রক্তক্ষয়ী গাড়িবোমা হামলা হয়েছে। এতে নারী ও শিশুসহ অন্তত ৪০ জন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছে।

সুক ওয়াদি বারাদা নামের এক শহরে চালানো এ হামলার ঘটনায় সরকার ও বিদ্রোহীরা পরস্পরকে দুষছে। এদিকে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, একই দিন দামেস্কে সেনাবাহিনীর সঙ্গে সংঘর্ষে অন্তত ৪০ জন বিদ্রোহী নিহত হয়েছে।

যুক্তরাজ্যভিত্তিক সিরীয় মানবাধিকার সংগঠন সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস বলেছে, বিদ্রোহীদের নিয়ন্ত্রণে থাকা সুক ওয়াদি বারাদা শহরের ওসামা বিন জাইদ মসজিদের প্রবেশমুখে থাকা দুটি গাড়িতে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। জুমার নামাজ শেষ হওয়ার পরপরই এ ঘটনা ঘটে।

সরকারনিয়ন্ত্রিত বার্তা সংস্থা সানার এক খবরে বলা হয়েছে, ‘সন্ত্রাসীরা’ এ হামলা চালিয়েছে। বিদ্রোহীদের বরাবরই ‘সন্ত্রাসী’ হিসেবে উল্লেখ করে বাশারের সরকার।

বিদ্রোহীরা বলছে, বাশারের বাহিনীই ওই মসজিদের প্রবেশমুখে গাড়ি দুটি থামিয়ে রেখেছিল। 

জাতিসংঘের উদ্বেগ: জাতিসংঘের ত্রাণবিষয়ক প্রধান ভালেরি অ্যামোস সিরিয়ার গৃহযুদ্ধে আটকে পড়া অন্তত ২৫ লাখ মানুষের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। শুক্রবার নিরাপত্তা পরিষদে তিনি বলেন, আটকে পড়াদের জরুরি ত্রাণ সরবরাহে সহযোগিতা দিতে বাশার সরকারের ওপর ‘জোর চাপ’ প্রয়োগ করতে হবে।

নুসরা ফ্রন্টের প্রধান জীবিত: শুক্রবার রাতে সিরিয়ার সরকারি টেলিভিশনের খবরে বলা হয়, উপকূলীয় লাতাকিয়া প্রদেশে এক সংঘর্ষে জিহাদি সংগঠন আল-নুসরা ফ্রন্টের প্রধান আবু মোহাম্মদ আল-জাওলানি নিহত হয়েছেন। তবে গতকাল নুসরা ফ্রন্টের বিবৃতিতে এ খবর ভিত্তিহীন বলে দাবি করা হয়েছে। এএফপি ও বিবিসি।