গায়ক ওবামা!
জনপ্রিয়তা পেতে রাজনীতিকেরা কত কিছুই না করেন! প্রয়োজনে গান গাইতেও পিছপা হন না। এটাই আরও একবার প্রমাণ করলেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা।ওবামার দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার প্রচারণার অংশ হিসেবে বৃহস্পতিবার নিউইয়র্কে আয়োজিত হয় এক তহবিল গঠন অনুষ্ঠান। ম্যানহাটনের অ্যাপোলো থিয়েটারে আয়োজিত ওই অনুষ্ঠানে ওবামার বক্তৃতা দেওয়ার কথা ছিল। তবে বক্তৃতা করতে গিয়ে তিনি উপস্থিত সবাইকে চমকে দিয়ে সত্তরের দশকের জনপ্রিয় গায়ক অ্যালবার্ট গ্রিনের একটি বিখ্যাত গান গেয়ে ওঠেন। তবে পুরোটা নয়, ওবামা গুনগুনিয়ে ‘লেটস স্টে টুগেদার’-এর কয়েকটি লাইন গেয়ে শোনান।ওবামা প্রথমে একটু কাঁপা কাঁপা কণ্ঠে উচ্চারণ করেন, ‘আয়্যাম’। দর্শক-শ্রোতারা হর্ষধ্বনি করে ওঠেন। সামান্য বিরতির পর তিনি ‘সো ইন লাভ উইথ ইউ’ গাইলে সমর্থকদের উল্লাসধ্বনিতে হল ফাটার অবস্থা হয়।উপস্থিত সুধীমণ্ডলীকে উদ্দেশ করে ওবামা একপর্যায়ে কৌতুক করে বলেন, ‘আমার দপ্তরের কর্মীরা বিশ্বাস করেনি, আমি সত্যিই এখানে গাওয়ার মতো সাহস করে উঠতে পারব।’ ধনীদের টাকা অর্থনীতির তত্ত্ব অনুযায়ী চুইয়ে গরিবদের কাছে যাবে রিপাবলিকানদের এ বক্তব্যের সমালোচনা করেন ওবামা।অনুষ্ঠানে প্রায় এক হাজার ৪০০ লোক উপস্থিত ছিলেন। এ থেকে ওবামা ৩১ লাখ ডলার চাঁদা তুলতে সক্ষম হন। দ্য সান পত্রিকা জানায়, ওবামার গানের ভিডিওটি ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। ইউটিউবে বেশ কয়েক লাখ মানুষ এটি দেখেছে। রয়টার্স।