গিউন-হের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন

দুর্নীতির দায়ে ক্ষমতাচ্যুত দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট পার্ক গিউন-হের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিযোগ গঠন করা হয়েছে। আজ সোমবার তাঁর বিরুদ্ধে এ অভিযোগ গঠন করেন। এ ছাড়া লোট্টে গ্রুপের চেয়ারম্যান সিন ডং-বিনের বিরুদ্ধে পার্ককে ঘুষ দেওয়ার অভিযোগ গঠন করা হয়েছে।
৬৫ বছর বয়সী পার্ক গিউন-হে ও তাঁর বান্ধবী চোই সুন-সিলকে ঘুষ দেওয়ার অভিযোগে স্যামসাং গ্রুপের প্রধান জে ওয়াই লি গ্রেপ্তার হওয়ার পরই লোট্টে গ্রুপের বিরুদ্ধে একই অভিযোগ ওঠে। প্রেসিডেন্টের পদ থেকে উৎখাতের পর থেকেই পার্ক ও তাঁর বন্ধু চোই আটক রয়েছেন। তাঁরা দুজনই এসব অভিযোগ প্রত্যাখ্যান করেছেন।
অভিযোক্তারা জানান, সাবেক প্রেসিডেন্ট পার্কের বিরুদ্ধে ঘুষ, বলপ্রয়োগ, ক্ষমতার অপব্যবহার এবং রাষ্ট্রীয় গোপন তথ্য ফাঁসের অভিযোগ গঠন করা হয়েছে। পার্কের বিরুদ্ধে অভিযোগ, বন্ধু চোইকে তিনি ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোর ওপর চাপ সৃষ্টি করে ঘুষ নেওয়ার সুযোগ দিয়েছেন। বিনিময়ে ওই প্রতিষ্ঠানগুলোকে সুবিধা দিয়েছেন। সেই সঙ্গে সরকারের দাপ্তরিক নথিপত্র দেখার ক্ষেত্রে পার্ক চোইকে ‘অগ্রহণযোগ্য পর্যায়ের’ সুযোগ দিয়েছিলেন। অভিযোগ, স্যামসাং গ্রুপের কাছ থেকে ২ হাজার ৯৮০ কোটি ওন ঘুষ নিয়েছিলেন পার্ক। আর চোইকে লোট্টে গ্রুপের কাছ থেকে ৭০০ কোটি ওন ঘুষ নেওয়ার সুযোগ করে দিয়েছিলেন তিনি।