গিনির জান্তাপ্রধান কামারা আশঙ্কামুক্ত
গিনির সামরিক জান্তাপ্রধান মুসা দাদিস কামারা আশঙ্কামুক্ত। তবে পুরোপুরি সুস্থ হতে আরও সময় লাগবে। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী জেনারেল সিকুবা কোনেত গত বুধবার এ কথা জানিয়েছেন। গত মাসে সে দেশেরই এক সেনা কর্মকর্তার গুলিতে গুরুতর আহত হন কামারা। তিনি বর্তমানে মরক্কোর একটি হাসপাতালে চিকিত্সাধীন। খবর এএফপির।স্বরাষ্ট্রমন্ত্রী কোনেত বুধবার টেলিভিশন ভাষণে বলেন, তিনি প্রেসিডেন্ট কামারাকে দেখতে গিয়েছিলেন। প্রেসিডেন্টের আশু রোগমুক্তি কামনা করে তিনি বলেন, ‘কামারা এখন আশঙ্কামুক্ত। তবে পুরোপুরি সুস্থ হতে তাঁর আরও বেশ কিছুদিন সময় লাগবে।’ কামারা গুলিবিদ্ধ হওয়ার পর স্বরাষ্ট্রমন্ত্রী কোনেত গিনির দায়িত্ব পালন করছেন।গত ৩ ডিসেম্বর প্রেসিডেন্টের অন্যতম সহযোগী লেফটেন্যান্ট আবু বকর সিদ্দিকি দিয়াকিতি জান্তাপ্রধান কামারাকে গুলি করেন। এ ঘটনার পর থেকে আবু বকর সিদ্দিকি পলাতক।২০০৮ সালের ২৩ ডিসেম্বর সাবেক জেনারেল লানসানা কোনটের মৃত্যুর কয়েক ঘণ্টা পরে গিনির ক্ষমতা গ্রহণ করেন কামারা।