গিরিজাপ্রসাদ কৈরালার জীবনাবসান
নেপালের সাবেক প্রধানমন্ত্রী ও প্রবীণ রাজনীতিবিদ গিরিজাপ্রসাদ কৈরালা আর নেই। গতকাল শনিবার ৮৫ বছর বয়সে কাঠমান্ডুতে তাঁর মেয়ে উপপ্রধানমন্ত্রী সুজাতা কৈরালার বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি বহু বছর ধরে শ্বাসকষ্টে ভুগছিলেন। তাঁর মৃত্যুতে ভারত গভীর শোক প্রকাশ করেছে। রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে বলা হয়, গিরিজাপ্রসাদ কৈরালা গতকাল স্থানীয় সময় দুপুর ১২টা ১০ মিনিটে মারা যান। শারীরিক অবস্থার অবনতি ঘটায় তাঁকে কাঠমান্ডুর গঙ্গালাল হার্ট সেন্টার হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার উন্নতি হলে গত বুধবার হাসপাতাল থেকে তাঁকে ছেড়ে দেওয়া হয়। তার পর থেকে তিনি মেয়ে সুজাতার বাসভবনে ছিলেন। নেপালের সবচেয়ে বড় রাজনৈতিক দল নেপালি কংগ্রেস পার্টির সভাপতি গিরিজাপ্রসাদ কৈরালা মোট চারবার প্রধানমন্ত্রী হন। নেপালে দীর্ঘ ১০ বছরের রক্তক্ষয়ী গৃহযুদ্ধের অবসানে মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করেন তিনি। মাওবাদীরা নেপালের রাজতন্ত্রের অবসানের জন্য দীর্ঘ দিন ধরে সশস্ত্র সংগ্রাম চালিয়ে আসছিল। এতে প্রায় ১৬ হাজার মানুষকে প্রাণ দিতে হয়। নেপালের সর্বশেষ রাজা জ্ঞানেন্দ্রকে উত্খাতের জন্য চূড়ান্ত আন্দোলনে মাওবাদীদের পক্ষ নেন কৈরালা। অবশেষে ২০০৬ সালের নভেম্বরে গিরিজাপ্রসাদ কৈরালার মধ্যস্থতায় বিদ্রোহীদের সঙ্গে সরকারের শান্তিচুক্তি হয়।চুক্তি স্বাক্ষরের পর তাত্ক্ষণিক প্রতিক্রিয়ায় কৈরালা বলেন, নেপাল একটি নতুন যুগে প্রবেশ করল। এর মাধ্যমে নেপালে সহিংসতা ও রাজনৈতিক হত্যাকাণ্ডের অবসান এবং সহযোগিতার রাজনীতি শুরু হলো। নেপালে নিজের শাসনামলে বহু চড়াই-উত্রাইয়ের মধ্য দিয়ে যেতে হয়েছে কৈরালাকে। তাঁর শাসনামলেই রাজসিংহাসনের উত্তরাধিকারীর হাতে নৃশংসভাবে খুন হয়েছেন রাজপরিবারের ১০ সদস্য। গত ২০ বছরে দেশটিতে ১৮টি সরকার ক্ষমতায় এসেছে এবং তাদের কর্মকাণ্ড দেখেছেন তিনি। অন্য রাজনীতিবিদদের মতো তাঁকেও দুর্নীতির অভিযোগ মোকাবিলা করতে হয়েছে। তবুও তাঁকে স্থিতিশীলতার প্রতীক হিসেবে বিবেচনা করা হতো। এএফপি, রয়টার্স।