খ্রিষ্টানদের গির্জায় হামলার ব্যাপারে পাকিস্তানি তালেবান জঙ্গিরা যে অবস্থান নিয়েছে, তা ইসলামি অনুশাসনের বিপরীত। পাকিস্তানের বেশ কয়েকজন প্রখ্যাত ইসলামি চিন্তাবিদ এবং প্রভাবশালী সংগঠন ও প্রতিষ্ঠানের নেতারা এ কথা বলেছেন।
বিশিষ্ট ওই ইসলামি চিন্তাবিদেরা গত শনিবার একটি যৌথ বিবৃতি দিয়েছেন। বিবৃতিতে বলা হয়েছে, তালেবানের দৃষ্টিভঙ্গি হচ্ছে গির্জায় হামলা চালানো ইসলামি মূল্যবোধের সঙ্গে সঙ্গতিপূর্ণ। এই দৃষ্টিভঙ্গি সম্পূর্ণ ভুল এবং তা ইসলামের শিক্ষার বিপরীত। তালেবান শান্তির ধর্ম ইসলামকে নেতিবাচকভাবে চিত্রায়িত করে ইসলামের গায়ে কালিমা লেপন করছে।
সম্প্রতি পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের রাজধানী পেশোয়ারের একটি শতাব্দীপ্রাচীন গির্জা অল সেইন্টস চার্চে ভয়াবহ আত্মঘাতী হামলা চালানো হয়। নিষিদ্ধঘোষিত সংগঠন তেহরিক-ই-তালেবান পাকিস্তানের (টিটিপি) মুখপাত্র শহিদুল্লাহ শহিদ দাবি করেছিলেন, ওই হামলা শরিয়া আইনের সঙ্গে সঙ্গতিপূর্ণ। তবে টিটিপি বা এর কোনো সহযোগী গোষ্ঠী ওই হামলার সঙ্গে সম্পৃক্ত নয় বলেও দাবি করেন তিনি।
যেসব সন্ত্রাসী ইসলাম ও পাকিস্তান উভয়ের ‘অপূরণীয় ক্ষতি’ সাধন করছে, তাদের বিরুদ্ধে অভিযান শুরু করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিবৃতিদানকারী ইসলামি চিন্তাবিদেরা। বিবৃতিতে আরও বলা হয়েছে, তাদের (তালেবানের) কোনো প্রকার ক্ষমা পাওয়ার অধিকার নেই।
প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা সারতাজ আজিজ গত বৃহস্পতিবারও তালেবানের সঙ্গে শান্তি আলোচনায় বসার ইঙ্গিত দিয়েছেন।
বিবৃতিতে স্বাক্ষরকারীদের মধ্যে জামিয়া নাইয়িমিয়ার নাজিম-ই-আলা মাওলানা রাগিব হুসেইন নাইমি, পাকিস্তান সুন্নি তেহরিক-ইর প্রধান সারওয়াত ইজাজ কাদরি, ন্যাশনাল মুশাইখ কাউন্সিলের প্রেসিডেন্ট পীর খাজা গোলাম কুতুবুদ্দিন, খাইরুল উম্মাম ফাউন্ডেশনের প্রেসিডেন্ট পীর কেরামত আলী, তাহফুজ নামুস-ই-রাসালাত মাহাজের ভাইস প্রেসিডেন্ট পীর আতহার কাদরি এবং ইসলামিক রিসার্চ কাউন্সিলের প্রেসিডেন্ট প্রমুখ উল্লেখ্যযোগ্য। ডন।