পাকিস্তানের প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানিকে আদালত অবমাননার দায়ে অভিযুক্ত করতে সুপ্রিম কোর্টে তলবের বিরুদ্ধে আপিল করা হয়েছে। গতকাল বুধবার গিলানির পক্ষে তাঁর আইনজীবী আইতজাজ আহসান এ আপিল করেন। ২ ফেব্রুয়ারি সুপ্রিম কোর্ট এই মামলায় অভিযুক্ত করতে ১৩ ফেব্রুয়ারি গিলানিকে আদালতে হাজির হতে নির্দেশ দেন। প্রেসিডেন্ট আসিফ আলী জারদারির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে সুইস আদালতে একটি মামলা ঝুলছে। ২০০৮ সালে জারদারি ক্ষমতায় আসার পর মামলাটি স্থগিত হয়ে যায়। মামলাটি পুনরায় চালু করার ব্যাপারে উদ্যোগ নিতে বারবার তাগিদ দেওয়ার পরও গিলানির সরকার পদক্ষেপ নেয়নি। এতে তাঁর বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ আনা হয়। এখন তাঁকে এই মামলায় অভিযুক্ত করার প্রক্রিয়া চলছে। বিশ্লেষকদের মতে, আদালতের নির্দেশের বিরুদ্ধে জারদারির এই আপিল কার্যত কোনো ফল বয়ে আনবে না। পরিণতিতে তাঁর দুর্বল সরকারের পতন ঘটতে পারে, হতে পারে আগাম নির্বাচন।আইতজাজ আহসান বলেন, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, ফ্রান্স ও ভারতের পূর্ব-দৃষ্টান্ত অনুসরণ করে তিনি এই আপিল করেন। সাংবাদিকদের তিনি বলেন, ‘আমার আপত্তি এখানে যে গিলানির বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ আনা হয়েছে বটে, কিন্তু ২ ফেব্রুয়ারির নির্দেশে সুনির্দিষ্ট কোনো কারণ উল্লেখ করা হয়নি।’ এএফপি।