গিলানিকে বহনকারী বিমানের জরুরি অবতরণ
পাকিস্তানের প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানিকে বহনকারী বিশেষ একটি বিমান আকাশে ওড়ার কিছুক্ষণের মধ্যেই জরুরি অবতরণ করেছে। রাওয়ালপিন্ডি শহরের চাকলালা সামরিক বিমানঘাঁটি থেকে গতকাল মঙ্গলবার ওই বিমান সিন্ধু প্রদেশের সুকুর অভিমুখে যাত্রা করেছিল।সরকারি সূত্রের উদ্ধৃতি দিয়ে সংবাদমাধ্যম জানায়, কেন্দ্রীয় সরকারের বেশ কয়েকজন মন্ত্রী ওই বিমানে গিলানির সফরসঙ্গী হয়েছিলেন। আকাশে ওড়ার পরপরই কারিগরি ত্রুটি দেখা দিলে বিমানটি ঘাঁটিতে ফিরিয়ে নিয়ে জরুরি অবতরণ করানো হয়। প্রধানমন্ত্রী গিলানি, তথ্যমন্ত্রী ফিরদৌস আশিক আওয়ানসহ আরোহীদের সবাই নিরাপদে রয়েছেন। ত্রুটি ধরা পড়ার পরই নিয়ন্ত্রণ টাওয়ারের সঙ্গে যোগাযোগ করে জরুরি অবতরণের সিদ্ধান্ত নেন বিমানটির পাইলট। কারিগরি ত্রুটির ধরন সম্পর্কে তাৎক্ষণিকভাবে জানা যায়নি।পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী জুলফিকার আলী ভুট্টোর মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত বিশেষ অনুষ্ঠানে অংশ নিতে প্রধানমন্ত্রী গিলানিসহ কয়েকজন মন্ত্রী সিন্ধু প্রদেশের উদ্দেশে রওনা হয়েছিলেন। পরে তাঁরা ভিন্ন একটি বিমানে চড়ে গন্তব্যে পৌঁছান। টাইমস অব ইন্ডিয়া।