গিলানিকে মার্কিন কংগ্রেসম্যানের চিঠি: ‘পাকিস্তান ব্যর্থ রাষ্ট্র’
যুক্তরাষ্ট্রের প্রভাবশালী কংগ্রেসম্যান ডানা রোহারবেচার বলেছেন, পাকিস্তান একটি ব্যর্থ রাষ্ট্র। তিনি বলেন, যুক্তরাষ্ট্র দেশটিকে যত অর্থ-সহায়তাই দিক না কেন, পাকিস্তানের ওই অবস্থার কখনো কোনো পরিবর্তন হবে না। পাকিস্তানের প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানিকে লেখা এক চিঠিতে তিনি এ মন্তব্য করেছেন। গতকাল শনিবার ভারতের প্রভাবশালী দৈনিক টাইমস অব ইন্ডিয়ার অনলাইন সংস্করণে এ খবর প্রচারিত হয়েছে।ডানা রোহারবেচার মার্কিন কংগ্রেসের পররাষ্ট্রবিষয়ক পর্যবেক্ষণ ও অনুসন্ধান উপকমিটির চেয়ারম্যান।ডানা রোহারবেচার গিলানিকে লেখা চিঠিতে উল্লেখ করেছেন, ‘মার্কিন কংগ্রেস সদস্যদের কাছে ক্রমেই বিষয়টি পরিষ্কার হয়ে উঠছে যে, পাকিস্তান একটি ব্যর্থ রাষ্ট্র এবং যুক্তরাষ্ট্র যত অর্থই খরচ করুক না কেন, এ অবস্থার আদৌ পরিবর্তন হবে না।’ তিনি বলেন, পাকিস্তানের জন্য মার্কিন অর্থ-সহায়তা কমে আসবে। এটি এখন পরিষ্কার যে, বেলুচিস্তানসহ দেশটির অন্যান্য প্রদেশের জনগণের জন্য পাঠানো অর্থ-সহায়তা পাকিস্তানের সামরিক বাহিনী ও গোয়েন্দা সংস্থা ভিন্ন উদ্দেশ্যে ব্যবহার করেছে। তারা ওই অর্থ সন্ত্রাসবাদের কাজে লাগিয়েছে এবং অস্ত্র কিনেছে নিজ দেশের জনগণকে দমিয়ে রাখতে।প্রভাবশালী এই কংগ্রেসম্যান বলেন, পাকিস্তানের ভবিষ্যৎ হতাশাব্যঞ্জক। পাকিস্তান সরকার ও সামরিক বাহিনী যত দিন সে দেশের নৃ-তাত্ত্বিক গোষ্ঠীর আত্মনিয়ন্ত্রণ অধিকারের বিষয়টি অবজ্ঞা করবে, তত দিন পর্যন্ত রাজনৈতিক সহিংসতা কাটিয়ে ওঠা সম্ভব হবে না। তিনি চিঠিতে পুলিশি হামলায় সম্প্রতি চারজন বেলুচ অধিবাসী নিহত হওয়ার ঘটনার নিন্দা জানান।চলতি বছরের ১৭ ফেব্রুয়ারি কংগ্রেসম্যান স্টিভ কিং, লুই গোহমার্ট ও ডানা রোহারবেচার এই তিনজন মিলে কংগ্রেসে একটি আইন প্রস্তাব উপস্থাপন করেন। এতে বলা হয়, বেলুচিস্তানের জনগণের আত্মনিয়ন্ত্রণের এবং সার্বভৌম রাষ্ট্র প্রতিষ্ঠার অধিকার রয়েছে। ড্রোন হামলায় ১০ জন নিহতপাকিস্তানের উত্তর ওয়াজিরিস্তানের উপজাতীয় অধ্যুষিত এলাকায় মার্কিন চালকবিহীন গোয়েন্দা বিমান ‘ড্রোন’ হামলায় সন্দেহভাজন ১০ জঙ্গি নিহত হয়েছে।পাকিস্তানি কর্তৃপক্ষ জানিয়েছে, আফগান সীমান্তসংলগ্ন শাওয়াল এলাকায় সন্দেহভাজন একটি জঙ্গি আস্তানায় গতকাল শনিবার ড্রোন থেকে দুটি ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়।উত্তর ওয়াজিরিস্তানের নিরাপত্তা কর্মকর্তারা বলেন, ওই আস্তানাটি জঙ্গিরা প্রশিক্ষণকেন্দ্র হিসেবে ব্যবহার করত। ক্ষেপণাস্ত্র হামলায় এটি সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে।ইসলামাবাদের বিরোধিতা সত্ত্বেও পাকিস্তানে এ ধরনের বিমান হামলা অব্যাহত রেখেছে যুক্তরাষ্ট্র। বিবিসি ও এএফপি।