গিলানির আবেদন খারিজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানের সুপ্রিম কোর্ট গতকাল শুক্রবার প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানির আবেদন খারিজ করে দিয়েছেন। একই সঙ্গে আদালত অবমাননার অভিযোগে তাঁকে আগামী সোমবার আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ওই দিন তাঁর বিরুদ্ধে অভিযোগ গঠন করা হতে পারে।আশঙ্কা করা হচ্ছে, আদালতের এই পদক্ষেপের পর পাকিস্তানের রাজনৈতিক সংঘাত আরও বাড়তে পারে।প্রেসিডেন্ট আসিফ আলী জারদারির বিরুদ্ধে দুর্নীতির মামলা পুনরুজ্জীবিত করতে সুইস কর্তৃপক্ষকে অনুরোধ করে চিঠি পাঠানো-সংক্রান্ত আদালতের নির্দেশ গত দুই বছরেও বাস্তবায়ন করেনি গিলানির সরকার। তাই প্রধানমন্ত্রী হিসেবে গিলানির বিরুদ্ধে আদালত অবমাননার মামলা গঠনের কার্যক্রম শুরু করে সুপ্রিম কোর্ট।অভিযোগ প্রমাণিত হলে গিলানির ছয় মাসের কারাদণ্ড হতে পারে। আর তা হলে তাঁকে প্রধানমন্ত্রীর পদ ছাড়তে হবে।পর্যবেক্ষকদের মতে, গিলানি পদচ্যুত হলে পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) নেতৃত্বাধীন জোট সরকারের পতন হবে, এমনটি নয়। পার্লামেন্টে গিলানির বিকল্প নির্বাচনের জন্য পর্যাপ্ত সংখ্যাগরিষ্ঠতা রয়েছে ক্ষমতাসীন জোটের। তবে আদালতের সঙ্গে চলমান দ্বন্দ্ব সরকারকে দুর্বল করে দিতে পারে। সরকার দেশে আগাম নির্বাচন দিতে বাধ্য হতে পারে। আর নির্বাচনে ক্ষমতাসীন পিপিপির জয়ের সম্ভাবনা সংকুচিত করতে পারে।প্রধান বিচারপতি ইফতেখার মুহাম্মদ চৌধুরী গতকাল আদেশে বলেন, ‘আবেদন খারিজ করে দেওয়া হলো।’পাকিস্তানের প্রেসিডেন্ট জারদারি ও তাঁর প্রয়াত স্ত্রী সাবেক প্রধানমন্ত্রী বেনজীর ভুট্টো একটি সুইস ব্যাংক হিসাবের মাধ্যমে প্রায় এক কোটি ২০ লাখ মার্কিন ডলার পাচার করেন বলে সন্দেহ করা হয়। ১৯৯০ সালে পাকিস্তানে শুল্ক বিভাগের পরিদর্শন কাজ পেতে কয়েকটি কোম্পানি ওই পরিমাণ অর্থ তাঁদের ঘুষ হিসেবে দেয় বলে অভিযোগ রয়েছে।প্রধান বিচারপতি গত বৃহস্পতিবার বলেন, মামলা পুনরুজ্জীবিত করতে সুইস কর্তৃপক্ষকে চিঠি পাঠিয়ে আদালেতের নির্দেশ পালন করা হলেই কেবল গিলানির বিরুদ্ধে সমন বাতিল করা হতে পারে। তবে গতকাল ইফতেখার বলেন, সুইস কর্তৃপক্ষকে চিঠি দেবেন কি না, সে বিষয়ে তিনি গিলানির স্পষ্ট জবাব জানতে চান।প্রধান বিচারপতি গিলানির আইনজীবী আইতজাজ আহসানকে উদ্দেশ করে বলেন, ‘প্রধানমন্ত্রীর সঙ্গে ফোনে কথা বলার জন্য আমরা আপনাকে ১০ মিনিট সময় দিচ্ছি এবং (এ বিষয়ে তাঁর মতামত) আমাদের জানান।’জবাবে আইতজাজ আদালতকে বলেন, ‘সেটা করার এখতিয়ার আমার নেই।’ পরে আদালতের বাইরে তিনি সাংবাদিকদের বলেন, প্রধানমন্ত্রী আগামী সোমবার আদালতে উপস্থিত হতে পারেন।২০০৮ সালে জারদারি প্রেসিডেন্ট নির্বাচিত হলে সুইস কর্তৃপক্ষ তাঁর বিরুদ্ধে দায়ের করা মামলাটি স্থগিত করে। সুইজারল্যান্ডের আদালতের একজন কৌঁসুলি বলেন, জারদারি যতক্ষণ দেশের প্রেসিডেন্ট থাকবেন এবং মামলা থেকে দায়মুক্তিপ্রাপ্ত (ইম্যুনিটি) থাকবেন, ততক্ষণ তাঁর বিরুদ্ধে ওই মামলা পুনরুজ্জীবিত করা সম্ভব নয়।প্রধানমন্ত্রী গিলানির ভাষ্য, প্রেসিডেন্ট জারদারি পূর্ণ দায়মুক্তি সুবিধা পাচ্ছেন। তাঁর সরকারের অভিযোগ, বিচারকেরা তাঁদের ক্ষমতার বাইরের বিষয় নিয়ে নাক গলাচ্ছেন এবং বর্তমান সরকারের মেয়াদ এক বছর বাকি থাকতেই প্রধানমন্ত্রী ও প্রেসিডেন্টকে ক্ষমতা থেকে সরানোর চেষ্টা চালাচ্ছেন। তবে প্রধান বিচারপতি আদালতকে বলেন, ‘অস্থিতিশীল অবস্থা কারোরই কাম্য নয়। আমরা সংযমের পরিচয় দিয়েছি।’ এএফপি, রয়টার্স ও ডন।