গিলানির গাড়িতে ভুয়া নম্বরপ্লেট ব্যবহার!
পাকিস্তানের প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানি নিজের গাড়িতে ভুয়া নম্বরপ্লেট ব্যবহার করেছেন বলেজানা গেছে। গত ১৯ জানুয়ারি সুপ্রিম কোর্টে যাওয়ার সময় তিনি গাড়িতে ওই ভুয়া নম্বরপ্লেট ব্যবহার করেন।ওই দিন কালো স্যুট পরা গিলানি(৫৯) একটি সাদা ল্যান্ড ক্রুজারে চড়ে আদালতে আসেন। তিনি নিজেই গাড়ি চালান। এ গাড়ির নম্বর ছিল এলআরজেড-৭৮৬। দ্য এক্সপ্রেস ট্রিবিউন-এর বরাত দিয়ে দেশটির প্রচারমাধ্যমগুলো জানায়, নম্বরটির সঙ্গে বিস্ময়করভাবে লাহোরের বাসিন্দা মুহাম্মদ রিয়াজ আহসানের গাড়ির নম্বরের মিল রয়েছে। তবে বিষয়টি জানতে পেরে প্রধানমন্ত্রীর দপ্তর থেকে তাৎক্ষণিক জানানো হয়েছে, নিরাপত্তার স্বার্থেই গিলানির গাড়ির নম্বর প্লেট পরিবর্তন করা হয়েছিল। অন্যকোনো কারণে নয়।কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে ওই দিন প্রধানমন্ত্রী গিলানি আদালতে আসেন। প্রেসিডেন্ট আসিফ আলী জারদারির বিরুদ্ধে দুর্নীতির পুরোনো মামলাগুলো পুনরুজ্জীবিত করতে ব্যর্থ হওয়ায় গিলানিকে কেন অভিযুক্ত করা হবে না, সে বিষয়ে শুনানিতে অংশ নিতেই তিনি আদালতে আসেন। এ সময়তাঁর সঙ্গে ছিলেন তাঁর আইনজীবী আইতজাজ আহসান ও পাকিস্তান পিপলস পার্টির কয়েকজন নেতা।আগামী ১ ফেব্রুয়ারি পর্যন্ত সুপ্রিম কোর্ট শুনানি মুলতবি ঘোষণা করেন। পিটিআই অনলাইন।