গিলানির পদত্যাগের দাবিতে পার্লামেন্টে বিক্ষোভ
পাকিস্তানের প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানির পদত্যাগ দাবি করেছে দেশটির প্রধান বিরোধী দল পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ (পিএমএল-এন)। গতকাল শুক্রবার জাতীয় পরিষদের অধিবেশনে গিলানির পদত্যাগের দাবিতে তুমুল হট্টগোল করেন দলটির আইনপ্রণেতারা।জাতীয় পরিষদের ডেপুটি স্পিকার ফয়সাল করিম কুন্দির সভাপতিত্বে অধিবেশনের শুরুতেই পিএমএল-এনের আইনপ্রণেতারা বিক্ষোভ শুরু করেন। তাঁরা ‘চলে যাও, গিলানি চলে যাও’ বলে স্লোগান দিতে থাকেন। এ সময় অনেকে টেবিল চাপড়ে ও কাগজপত্র ছুড়ে বিক্ষোভ করেন। পরে ডেপুটি স্পিকার অধিবেশন অনির্দিষ্টকালের জন্য মুলতবি ঘোষণা করেন।এর আগে গত বৃহস্পতিবার বিরোধী দলের আইনপ্রণেতাদের বিক্ষোভ ও হট্টগোলের মধ্যেই গিলানির প্রতি আস্থা জানিয়ে একটি প্রস্তাব পাস করা হয়। সন্ধ্যায় সিনেট ওই প্রস্তাব অনুমোদন করে। তবে একই দিনে জাতীয় পরিষদে পাস হওয়া পাঞ্জাব প্রদেশ গঠন-সংক্রান্ত একটি প্রস্তাব সিনেটে অনুমোদিত হয়নি।‘গোপন চিঠি’ লেখার কথা স্বীকার করেছেন ইজাজ: পাকিস্তানের শীর্ষ সেনা ও গোয়েন্দা কর্মকর্তাদের সরিয়ে দিতে মার্কিন সহায়তা চেয়ে পাকিস্তানের সেই ‘গোপন চিঠি’ কেলেঙ্কারির ঘটনার শুনানি গতকাল লাহোর হাইকোর্টে অনুষ্ঠিত হয়েছে। শুনানিতে যুক্তরাষ্ট্রে নিযুক্ত পাকিস্তানের সাবেক রাষ্ট্রদূত হুসেইন হাক্কানির আইনজীবী জাহিদ বুখারি দাবি করেন, সেই ‘চিঠি’ লেখার কথা স্বীকার করেছেন পাকিস্তানি বংশোদ্ভূত মার্কিন ব্যবসায়ী মনসুর ইজাজ।বুখারি বলেন, হাক্কানি স্বেচ্ছায় রাষ্ট্রদূতের পদ ছেড়ে দেন। সাবেক এই রাষ্ট্রদূত ‘গোপন চিঠি’ কেলেঙ্কারির ঘটনার স্বচ্ছ তদন্ত চান। বুখারি বলেন, এ ঘটনায় নিজের বক্তব্য দিতে হাক্কানি সংসদীয় কমিটির সামনে হাজির হয়েছিলেন। কিন্তু মনসুর ইজাজ সেখানে যাননি।গত বছরের অক্টোবরে ফিন্যানশিয়াল টাইমস-এ লেখা এক নিবন্ধে মনসুর ইজাজ ওই ‘গোপন চিঠির’ কথা ফাঁস করলে তা নিয়ে পাকিস্তানে হইচই শুরু হয়। ডন নিউজ।