গিলানির প্রতি আস্থা স্থাপন করে প্রস্তাব পাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানির প্রতি পুনরায় আস্থা স্থাপন করে গতকাল বৃহস্পতিবার দেশটির জাতীয় পরিষদে প্রস্তাব পাস করা হয়েছে। এ সময় বিরোধী দলের আইনপ্রণেতাদের বিরোধিতার মুখে পার্লামেন্টে তুমুল হট্টগোল হয়। এদিকে প্রধানমন্ত্রী গিলানিকে তাঁর পদে অযোগ্য ঘোষণা করতে দুটি আবেদনের পরিপ্রেক্ষিতে লাহোর হাইকোর্ট গত বুধবার কেন্দ্রীয় সরকারের প্রতি নোটিশ জারি করেন। একই ধরনের একটি আবেদন গতকাল বৃহস্পতিবার ইসলামাবাদ হাইকোর্ট খারিজ করে দেন। জাতীয় পরিষদের অধিবেশন গতকাল দুই ঘণ্টা দেরিতে শুরু হয়। অধিবেশনের কার্যক্রম শুরু হওয়ার আগেই বিরোধী দলের আইনপ্রণেতারা গিলানিবিরোধী স্লোগান দিতে থাকেন। তাঁরা চিৎকার করে বলতে থাকেন, ‘চলে যাও, গিলানি চলে যাও’। এ সময় প্রধান বিরোধী দল পাকিস্তান মুসলিম লীগের (পিএমএল-এন) আইনপ্রণেতাদের কাগজপত্র ছুড়ে ফেলতে দেখা যায়। কোনো কোনো আইনপ্রণেতা গিলানিবিরোধী স্লোগান লেখা প্ল্যাকার্ড তুলে ধরেন। কেউ কেউ নিজের আসন ছেড়ে স্পিকারের দিকে এগিয়ে যান। স্পিকার ফাহমিদা মির্জা এ পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন। স্পিকার বলেন, ‘আমি আশা করি, আমরা এখানে কেউ অনৈতিক কোনো কিছু করব না। গত সাড়ে চার বছরের পার্লামেন্টের যে ভাবমূর্তি গড়ে উঠেছে, তা নষ্ট করব না।’ তিনি পার্লামেন্টের আইনকানুন মেনে চলতে আইনপ্রণেতাদের প্রতি আহ্বান জানান। তবে স্পিকারের এই আহ্বানের মধ্যেও আইনপ্রণেতারা সরকারবিরোধী স্লোগান দিতে ও হইচই করতে থাকেন। এ পরিস্থিতিতেই কেন্দ্রীয় আইনমন্ত্রী ফারুক এইচ নায়েক পার্লামেন্টে দুটি প্রস্তাব উত্থাপন করেন। এর একটি হলো: প্রধানমন্ত্রী গিলানির প্রতি আস্থা স্থাপন, অন্যটি দক্ষিণ পাঞ্জাব নামের আরেকটি প্রদেশ গঠন। দুটি প্রস্তাবই বিরোধীদলীয় আইনপ্রণেতাদের বিরোধিতা ও হইচইয়ের মধ্যে পাস হয়। এরপর পার্লামেন্ট অধিবেশন আজ শুক্রবার পর্যন্ত মুলতবি ঘোষণা করা হয়।জাতীয় পরিষদের বিরোধী দলের নেতা চৌধুরী নিসার আলী খান পার্লামেন্টের বাইরে সাংবাদিকদের বলেন, ‘আমরাও দক্ষিণ পাঞ্জাব প্রদেশ গঠন করার পক্ষে। কিন্তু এ জন্য একটি কমিশন গঠন করা দরকার। কমিশন গঠন ছাড়াই নতুন প্রদেশ গঠনের প্রস্তাব পাস করার কোনো গুরুত্ব নেই।’ আদালত অবমাননার দায়ে গত ২৬ এপ্রিল প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানিকে ৩০ সেকেন্ডের সাজা দেন আদালত। এর ফলে গিলানি ও তাঁর মন্ত্রিসভার সদস্যরা তাঁদের দায়িত্বে বহাল থাকার যোগ্যতা হারিয়েছেন দাবি করে লাহোর হাইকোর্টে দুটি আবেদন করা হয়েছে। সেই আবেদনের শুনানিতে আবেদনকারীদের পক্ষে আইনজীবী এ কে ডোগার বলেন, ২৬ এপ্রিলের রায়ের মাধ্যমে প্রধানমন্ত্রী ও তাঁর মন্ত্রীরা অযোগ্য হয়েছেন। তাঁদের অযোগ্য ঘোষণা করতে আর কোনো প্রক্রিয়ার দরকার নেই। তিনি লাহোর হাইকোর্টের প্রধান বিচারপতিকে নির্ভয়ে গিলানিকে অযোগ্য ঘোষণা করার আহ্বান জানান।এ সময় আদালত বলেন, তাঁদের কোনো ভয় নেই। সংবিধান অনুযায়ীই তাঁরা সিদ্ধান্ত দেবেন। পরে এ ব্যাপারে সহায়তা দেওয়ার জন্য অ্যাটর্নি জেনারেলকে নির্দেশ দিয়ে ৭ মে পর্যন্ত আদালত মুলতবি ঘোষণা করা হয়। ডন নিউজ, পিটিআই।