গিলানির বাসভবনে হাক্কানি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানের গোয়েন্দা সংস্থা ইন্টার সার্ভিসেস ইনটেলিজেন্সের (আইএসআই) ভয়ে সাবেক রাষ্ট্রদূত হুসেইন হাক্কানি প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানির বাড়িতে আশ্রয় নিয়েছেন। হাক্কানির একজন আইনজীবী এই তথ্য জানান।যুক্তরাষ্ট্রে পাকিস্তানের সাবেক রাষ্ট্রদূত হাক্কানিও নিজের নিরাপত্তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন।এদিকে ‘গোপন চিঠি’ কেলেঙ্কারি তদন্তে বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠনে আদালতের নির্দেশ পুনর্বিবিচেনা করতে হাক্কানির করা একটি আবেদন গতকাল বুধবার গ্রহণ করা হয়েছে।হাক্কানির আইনজীবী আসমা জাহাঙ্গীর বলেন, তাঁর মক্কেল হুসেইন হাক্কানি প্রধানমন্ত্রী গিলানির বাসভবনে আশ্রয় নিয়েছেন। তিনি আশঙ্কা প্রকাশ করেন, ‘গোপন চিঠি’র বিষয়ে আইএসআই তাঁর কাছ থেকে জোর করে মিথ্যা বিবৃতিতে স্বাক্ষর করিয়ে নিতে পারে।সাবেক রাষ্ট্রদূত হাক্কানি বলেন, প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি ও প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানি তাঁকে ‘সমর্থন’ দিচ্ছেন। তিনি তাঁর বিরুদ্ধে ওঠা সব অভিযোগ দৃঢ়ভাবে মোকাবিলা করবেন বলেও উল্লেখ করেন। হাক্কানি জানান, তিনি লন্ডন থেকে ফেরার পর প্রধানমন্ত্রী গিলানির বাসভবনে অবস্থান করছেন। এর মধ্যে তিন দিন তাঁকে বাইরে যেতে হয়েছে। নিশ্ছিদ্র নিরাপত্তার মধ্য দিয়ে তিনি বাইরে গিয়েছিলেন।হাক্কানি বলেন, ‘আমি প্রধানমন্ত্রীর অতিথি হিসেবে আছি। এটি স্পষ্ট যে আমার নিরাপত্তা নিয়ে সংশয় রয়েছে। তাই প্রধানমন্ত্রীর বাসভবনেই থাকা সবচেয়ে নিরাপদ।’হাক্কানির যে আবেদন গতকাল পাকিস্তানের আদালত গ্রহণ করেছেন, এতে তিনি দাবি করেন, ‘গোপন চিঠি’ কেলেঙ্কারি তদন্তে আদালতের নির্দেশে যে কমিশন গঠন করা হয়েছে, তা সঠিক হয়নি।‘গোপন চিঠি’ কেলেঙ্কারি তদন্তে পাকিস্তানের প্রধান বিরোধী দল পাকিস্তান মুসলিম লীগের (পিএমএল-এন) নেতা নওয়াজ শরিফসহ কয়েকজন আদালতে আবেদন করেন। পরে প্রধান বিচারপতি ইফতিখার মুহাম্মদ চৌধুরীসহ নয়জন বিচারপতিকে নিয়ে একটি বেঞ্চ গঠিত হয়। বেঞ্চে শুনানি শেষে আদালত চারজন বিচারপতির সমন্বয়ে তদন্ত কমিশন গঠনের নির্দেশ দেন।এই নির্দেশ পুনর্বিবেচনা করতে আদালতে আবেদন করেন হাক্কানি। হাক্কানির আইনজীবী আসমা জাহাঙ্গীর বলেন, আদালতের নির্দেশে যে কমিশন গঠিত হয়েছে, আইন তাকে সমর্থন করে না। কারণ, আদালত কমিশন গঠনে হাইকোর্টের বিচারপতিদের নির্দেশ দিতে পারেন না। আবেদনে আরও বলা হয়, মনসুর ইজাজের লেখা নিবন্ধ আদালতে ভুলভাবে তুলে ধরা হয়েছে।গত অক্টোবরে পাকিস্তানি বংশোদ্ভূত মার্কিন ব্যবসায়ী মনসুর ইজাজ ফিন্যান্সিয়াল টাইমস-এ লেখা এক নিবন্ধে উল্লেখ করেন, যুক্তরাষ্ট্রে নিযুক্ত পাকিস্তানের তৎকালীন রাষ্ট্রদূত হাক্কানি একটি গোপন চিঠি মার্কিন উচ্চপর্যায়ে সামরিক কর্মকর্তাদের কাছে পৌঁছে দিতে তাঁকে (ইজাজ) দায়িত্ব দেন। সেই চিঠির বিষয়বস্তু ছিল, প্রেসিডেন্ট জারদারি পাকিস্তানের শীর্ষস্থানীয় জেনারেল ও গোয়েন্দা কর্মকর্তাদের সরিয়ে দিতে মার্কিন সহায়তা কামনা করেছেন। যুক্তরাষ্ট্র এই কাজে জারদারিকে সহায়তা করলে পাকিস্তানের পররাষ্ট্রনীতি মার্কিন অনুকূলে থাকবে। চিঠিতে জারদারি আশঙ্কা প্রকাশ করে বলেন, সেনাবাহিনী পাকিস্তানের অভ্যুত্থান ঘটাতে পারে। ওই চিঠিতে কারও কোনো স্বাক্ষর ছিল না।বিষয়টি নিয়ে সরকার ও সেনাবাহিনীর মধ্যে দ্বন্দ্ব চলছে। এর জের ধরে হুসেইন হাক্কানিকে বরখাস্তও করা হয়। অবশ্য প্রেসিডেন্ট জারদারি ও সাবেক রাষ্ট্রদূত হাক্কানি এমন কোনো চিঠির সঙ্গে সম্পৃক্ততার কথা অস্বীকার করেছেন। টাইমস অব ইন্ডিয়া, দ্য ন্যাশন, ওয়াশিংটন পোস্ট, ডন।