গিলানির সঙ্গে বৈঠকের কথা স্বীকার এলজেপির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতশাসিত কাশ্মীরের বিচ্ছিন্নতাবাদী সংগঠন হুররিয়ত কনফারেন্সের একাংশের নেতা সৈয়দ আলী শাহ গিলানির সঙ্গে দেখা করার কথা নিশ্চিত করেছেন বিজেপির নেতৃত্বাধীন জোট এনডিএর অন্যতম শরিক লোক জনশক্তি পার্টির (এলজেপি) নেতা সঞ্জয় সরাফ। তবে গিলানির কাছে নরেন্দ্র মোদির পক্ষ থেকে কোনো বার্তা পৌঁছে দেননি বলে দাবি করেন তিনি। এর আগে বিজেপি নেতারা গিলানির কাছে কোনো দূত পাঠানোর খবর অস্বীকার করেছিলেন।
গিলানি গত শুক্রবার কাশ্মীরের গ্রীষ্মকালীন রাজধানী শ্রীনগরে নিজ বাসভবনে এক সংবাদ সম্মেলনে দাবি করেন, বিজেপির প্রধানমন্ত্রী পদপ্রার্থী মোদি গত ২২ মার্চ গোপনে তাঁর কাছে দুজন দূত পাঠিয়েছিলেন। দূতের মাধ্যমে মোদি কাশ্মীর সমস্যা সমাধানে তাঁর কাছ থেকে একটি প্রতিশ্রুতি চেয়েছিলেন। কিন্তু তিনি মোদির প্রস্তাব ফিরিয়ে দেন।
গিলানির এই দাবিকে অস্বীকার করে বিজেপি বলে, এই মিথ্যা বিবৃতির জন্য গিলানির ক্ষমা চাওয়া উচিত। কিন্তু বিজেপির মিত্র এলজেপির জাতীয় যুব শাখার প্রধান সঞ্জয় গতকাল রোববার বলেন, ‘আমি কয়েক বছর আগে গিলানির সঙ্গে বৈঠক করেছি। কিন্তু এখন গিলানি যে কথা বলছেন, আমার বৈঠক ওই বিষয়ে ছিল না।’ তিনি দাবি করেন, গিলানির সঙ্গে তাঁর সম্পর্ক ‘ব্যক্তিগত পর্যায়ের’।
সঞ্জয় বলেন, চলতি বছরের মার্চের শুরুতে গিলানিকে চিকিৎসার জন্য যখন দিল্লিতে নেওয়া হয়, তার পর থেকে হুররিয়াতের এই নেতার সঙ্গে তাঁর কোনো বৈঠক হয়নি।
গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনগুলোতে বলা হচ্ছে, গিলানি যে দুজন দূতের কথা বলেছেন, তার মধ্যে সঞ্জয় একজন। পিটিআই।