গুগল-ইয়াহু থেকে লাখ লাখ তথ্য পাচার করে এনএসএ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইন্টারনেটের জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুগল ও ইয়াহুর বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা তথ্যকেন্দ্রগুলোর প্রধান সংযোগস্থলে গোপনে প্রবেশ করে মার্কিন জাতীয় নিরাপত্তা সংস্থা (এনএসএ)। সেখান থেকে প্রতিদিন লাখ লাখ তথ্য এনএসএর সদর দপ্তরে পাচার করা হয়। মার্কিন প্রভাবশালী দৈনিক ওয়াশিংটন পোস্ট গত বুধবার এক প্রতিবেদনে এ কথা বলেছে।
মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (সিআইএ) সাবেক কর্মী এডওয়ার্ড স্নোডেনের ফাঁস করা নথির বরাত দিয়ে ওয়াশিংটন পোস্ট ওই প্রতিবেদন প্রকাশ করে। প্রতিবেদনে চলতি বছরের ৯ জানুয়ারির একটি নথির বরাত দিয়ে জানানো হয়, গুগল ও ইয়াহুর অভ্যন্তরীণ নেটওয়ার্ক থেকে প্রতিদিন লাখ লাখ তথ্য এনএসএ তার মেরিল্যান্ডে অবস্থিত সদর দপ্তরে পাচার করে। এসব তথ্যের মধ্যে ই-মেইল, বার্তা, অডিও ও ভিডিও রয়েছে।
ওয়াশিংটন পোস্ট-এর এই প্রতিবেদন প্রকাশের পর এনএসএ আইনগত দিক থেকে বিপাকে পড়বে বলে ধারণা করছেন কেউ কেউ। কারণ, গুগল ও ইয়াহুর সংযোগস্থলে প্রবেশ করে এনএসএ মার্কিন কেন্দ্রীয় সরকারের আড়ি পাতার আইন লঙ্ঘন করেছে বলে মনে করছেন অনেকে। ইলেকট্রনিক প্রাইভেসি ইনফরমেশন সেন্টারের নির্বাহী পরিচালক মার্ক রোটেনবার্গ বলেন, ‘আমরা যতদূর জানি, গুগল ও ইয়াহুর সংযোগস্থলে প্রবেশ করার মতো আইনি অনুমোদন এনএসএর নেই। তাই এটা নিয়ে ভালোই বিতর্ক হতে পারে।’
বিশ্বজুড়ে নজরদারি নিয়ে এনএসএর প্রধানসহ শীর্ষ গোয়েন্দা কর্মকর্তারা কংগ্রেস কমিটির সামনে নিজেদের অবস্থান ব্যাখ্যা করতে বাধ্য হওয়ার দুদিন পর ওয়াশিংটন পোস্ট এই প্রতিবেদন প্রকাশ করল। তবে কংগ্রেসের সামনে তাঁরা নজরদারির পক্ষেই সাফাই গেয়েছেন। ইউরোপীয়দের নজরদারির দাবি ‘ভ্রান্ত’ বলেও দাবি করেন তাঁরা।
ভ্যাটিকানে আড়ি পেতেছিল এনএসএ?: পোপ ষোড়শ বেনেডিক্টের পদত্যাগের কিছুদিন আগে এনএসএ বিশ্বের ক্যাথলিক খ্রিষ্টানদের প্রধান প্রশাসনিক কেন্দ্র ভ্যাটিকান সিটিতে আড়ি পেতেছিল বলে অভিযোগ উঠেছে। ইতালির সাময়িকী প্যানারোমা গত বুধবার এক প্রতিবেদনে এ অভিযোগ করে। তবে এনএসএ এই অভিযোগ অস্বীকার করেছে।
প্যানারোমার প্রতিবেদনে দাবি করা হয়, ২০১২ সালের ১০ ডিসেম্বর থেকে চলতি বছরের ৮ জানুয়ারি পর্যন্ত ভ্যাটিকান সিটির চার কোটি ৬০ লাখ ফোন কলে আড়ি পাতে এনএসএ। ভ্যাটিকান থেকে বাইরে যাওয়া এবং বাইরে থেকে ভ্যাটিকানে করা উভয় ধরনের ফোনকল এই আড়ি পাতার আওতায় ছিল।
ভ্যাটিকানের মুখপাত্র ফাদার ফেদারিকো লোম্বার্দি বলেন, এ ব্যাপারে তাঁরা কিছু জানেন না। এনএসএর মুখপাত্র ভ্যানি ভিন্স এক বিবৃতিতে বলেন, প্যানারোমার প্রতিবেদন সত্য নয়।
ব্যাখ্যা দাবি করেছে চীন: চীনের রাজধানী বেইজিংসহ এশিয়ার বিভিন্ন দেশে এবং অস্ট্রেলিয়ার আরও কয়েকটি দূতাবাসে এনএসএ আড়ি পেতেছে বলে অভিযোগ উঠেছে। অস্ট্রেলিয়ার সিডনি মর্নিং হেরাল্ড পত্রিকা এক প্রতিবেদনে এই অভিযোগ তুলেছে। এই খবরের ওপর ভিত্তি করে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হুয়া চুনিং বলেন, ‘এ ঘটনায় আমরা উদ্বিগ্ন। এ বিষয়ে যুক্তরাষ্ট্রের কাছ থেকে আমরা ব্যাখ্যা দাবি করছি।’
জাতিসংঘকে আশ্বাস: ওয়াশিংটনের জন্য আরেক বিব্রতকর ঘটনায় জাতিসংঘ বলেছে, যুক্তরাষ্ট্র অঙ্গীকার করেছে যে তাদের গোয়েন্দা সংস্থাগুলো আগামী দিনে আর জাতিসংঘের গোপন যোগাযোগের ওপর নজরদারি করবে না।
জার্মান-মার্কিন উত্তেজনা হ্রাসের আহ্বান: জার্মান চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেলের ফোনে এনএসএর আড়ি পাতার অভিযোগকে কেন্দ্র করে জার্মানি ও যুক্তরাষ্ট্রের মধ্যে সৃষ্ট উত্তেজনা হ্রাসের আহ্বান জানানো হয়েছে। উভয় দেশের কর্মকর্তারা এই আহ্বান জানান।
গত বুধবার মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা সুসান রাইসের সঙ্গে হোয়াইট হাউসে বৈঠক হয় জার্মান চ্যান্সেলরের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ক্রিস্টোফ হিউসজেনের। ওই বৈঠকের পর উত্তেজনা হ্রাসের আহ্বান জানানো হয়।
মার্কোসার নিন্দা: লাতিন আমেরিকার পাঁচটি দেশের জোট মার্কোসার বিশ্বজুড়ে নজরদারির নিন্দা জানিয়েছে। বুধবার আর্জেন্টিনা, ব্রাজিল, প্যারাগুয়ে, উরুগুয়ে ও ভেনেজুয়েলার সমন্বয়ে গঠিত ওই জোটের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে ওই নিন্দা জানানো হয়। বিবিসি, এএফপি ও রয়টার্স।