গুগলের এক মিনিটের মালিক!
এক মিনিটের জন্য সবচেয়ে জনপ্রিয় ওয়েবসাইট গুগল ডটকমের মালিক বনে গিয়েছিলেন সন্ময় বেদ। তাতেই ভারতীয় এই নাগরিককে ১২ হাজার মার্কিন ডলারের বেশি পুরস্কার দিল গুগল। খবর পিটিআইয়ের।
বিষয়টা আসলে গুগলের নিরাপত্তা-সংক্রান্ত একটি পুরস্কার কর্মসূচির অংশ। এতে ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশের গবেষকেরা অংশ নেন। তাঁদের মূল কাজটা হলো গুগলের নিরাপত্তার ফাঁকফোকর খুঁজে বের করা। যাঁরা সেটা করতে পারবেন, তাঁদের সবার জন্য পুরস্কার থাকবে বলে ঘোষণা করে গুগল।
ভারতের গুজরাট রাজ্যের কুচ অঞ্চলের শহর মান্দাভির বাসিন্দা গবেষক সন্ময়। গত বছরের সেপ্টেম্বরে এই সাবেক গুগলার গুগল ডোমেইন ঘাঁটতে গিয়ে দেখতে পান, গুগল ডটকম (ডোমেইন নাম) কেনা যাবে। তিনি ১২ ডলার দিয়ে ডোমেইনটি কিনেও নেন। এতে তিনি গুগলের ওয়েবমাস্টার টুলসে প্রবেশাধিকার পেয়ে যান। অবশ্য, পরমুহূর্তেই গুগল এই বিক্রি বাতিল করে দেয়।
নিয়মানুযায়ী, গবেষক সন্ময়কে তাঁর কাজের জন্য ৬ হাজার ৬ দশমিক ১৩ ডলার (চার লাখ রুপির কিছু বেশি) পুরস্কার ঘোষণা করে গুগল। কিন্তু সন্ময় সঙ্গে সঙ্গে এই পুরস্কার আর্ট অব লিভিং ইন্ডিয়া ফাউন্ডেশন নামের একটি দাতব্য প্রতিষ্ঠানকে দিয়ে দেওয়ার ঘোষণা দেন। এতে গুগলও তাঁর পুরস্কারের অঙ্কটা দ্বিগুণ করে দেয়।
সন্ময় বেদই একা পুরস্কার পেয়েছেন এমন নয়। গুগল ওই কর্মসূচির আওতায় ২০১৫ সালে সব মিলিয়ে তিন শতাধিক ব্যক্তিকে দুই মিলিয়ন মার্কিন ডলারের পেশি পুরস্কার দিয়েছে।