গুগলের চালকবিহীন গাড়ির সঙ্গে বাসের সংঘর্ষ

গুগলের চালকবিহীন গাড়ির সঙ্গে সংঘর্ষ হয়েছে যাত্রীবাহী একটি বাসের। ১৪ ফেব্রুয়ারি এই সংঘর্ষের ঘটনা ঘটলেও সম্প্রতি বিবিসির এক খবরে ওই ঘটনা প্রকাশ পায়। তবে ওই সংঘর্ষের ঘটনায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি।
গুগলের চালকবিহীন গাড়ির দুর্ঘটনায় পড়া এটাই প্রথম নয়। কিন্তু এবারই প্রথম অন্য কোনো গাড়ির সঙ্গে সংঘর্ষে হলো গাড়িটির। আর এই দুর্ঘটনার বিষয় নিয়ে ক্যালিফোর্নিয়ার মোটরযান বিভাগের সঙ্গে গুগল কর্তৃপক্ষের আলোচনায় বসার কথা রয়েছে। কেন এই দুর্ঘটনা ঘটেছে এবং কোন গাড়িটির দায় বেশি ছিল, ওই বৈঠকে আলোচনা হবে সেসব বিষয় নিয়ে।
বিবিসির খবরে বলা হয়, ঘটনার দিন পাবলিক বাসটি ঘণ্টায় ২৪ কিলোমিটার গতিতে চলছিল এবং গুগলের গাড়িটির গতিবেগ ছিল ঘণ্টায় ৩ কিলোমিটার। গুগলের প্রধান কার্যালয়ের কাছাকাছি মাউন্টেন ভিউতে সংঘর্ষের ওই ঘটনা ঘটে।
এক বিবৃতিতে গুগল বলেছে, ‘সংঘর্ষের ঘটনায় আমরা কিছু দায়দায়িত্ব নিচ্ছি। কারণ আমাদের গাড়িটি যদি নড়াচড়া না করত তাহলে ওই সংঘর্ষটি হতো না।’