পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারির ছেলে বিলাওয়াল ভুট্টোর সঙ্গে দেশটির পররাষ্ট্রমন্ত্রী হিনা রাব্বানি খারের সম্পর্কের গুজব ছড়ানোয় পাকিস্তানের গোয়েন্দা সংস্থা ইন্টার সার্ভিসেস ইন্টেলিজেন্স (আইএসআই) জড়িত। দেশটির ক্ষমতাসীন দল পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) নেতারা এই অভিযোগ করেছেন। গত বৃহস্পতিবার যুক্তরাজ্যের প্রভাবশালী পত্রিকাদ্য ডেইলি টেলিগ্রাফ-এর এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। বিলাওয়াল পিপিপির চেয়ারম্যান পদে রয়েছেন। পিপিপির এেকজন নেতা টেলিগ্রাফকে জানান, পাকিস্তানে নিরাপত্তা বাহিনীর হাতে আটক হাজার হাজার মানুষের অন্তর্ধান হওয়ার বিষয়টি জাতিসংঘ তদন্ত করে। তদন্তের সুপারিশে অন্তর্ধানের ঘটনায় জ্যেষ্ঠ সেনা ও গোয়েন্দা কর্মকর্তাদের ভূমিকার জন্য তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়। সেনা ও গোয়েন্দা কর্মকর্তাদের ধারণা, পররাষ্ট্রমন্ত্রী হিনা জাতিসংঘকে এ ঘটনা তদন্ত করার পথ উন্মুক্ত করে দেন। হিনার এই ভূমিকায় সেনা ও গোয়েন্দা কর্মকর্তারা ক্ষুব্ধ হন। এই ক্ষোভ থেকেই হিনার সঙ্গে বিলাওয়ালকে জড়িয়ে গুজব ছড়ানো হয়েছে। টেলিগ্রাফ।