গুজবের উৎস খুঁজতে!
নিজের ও স্ত্রী কার্লা ব্রুনির আলাদা প্রেমের সম্পর্ক রয়েছে—এ ধরনের গুঞ্জনের উৎস খুঁজে বের করতে দেশটির গোয়েন্দা সংস্থাকে নির্দেশ দিয়েছিলেন ফরাসি প্রেসিডেন্ট নিকোলা সারকোজি। গত বুধবার এমন খবরই জানিয়েছেন ফ্রান্সের গোয়েন্দা সংস্থা ডিসিআরআইয়ের প্রধান বারনার্দ স্কুয়ারচিনি। অবশ্য এর কিছুক্ষণ আগেই একটি বেতারকেন্দ্রে সাক্ষাৎকার দেওয়ার সময় এ ধরনের একটি খবর প্রত্যাখ্যান করেন ফরাসি প্রেসিডেন্টের স্ত্রী কার্লা। ব্যক্তিগত স্বার্থে সরকারি কর্তৃপক্ষকে ব্যবহার করার অভিযোগ এনে এই ঘটনার সমালোচনা করেছে বিরোধীরা। সোশালিস্ট পার্টির আইনপ্রণেতা আর্নদ মন্তেবার্গ বলেন, ‘একটি গল্পের সূত্র খুঁজে বের করতে সরকারি গোয়েন্দাদের ব্যবহার করা হচ্ছে। আমরা কোন পথে এগোচ্ছি?’ এর আগেও সারকোজির বিরুদ্ধে ব্যক্তিগত স্বার্থে সরকারি কর্তৃপক্ষকে ব্যবহার করার অভিযোগ ওঠে। ২০০৭ সালে স্বরাষ্ট্রমন্ত্রী থাকার সময় তিনি ছেলের চুরি যাওয়া স্কুটার খুঁজে দিতে পুলিশ বাহিনীকে নির্দেশ দিয়েছিলেন। গত বুধবার ফ্রান্সের সংবাদপত্রে খবর ছাপা হয়, সারকোজি ডিসিআরআইকে নির্দেশ দিয়েছিলেন ওই গুজব ছড়ানোর পেছনে কে রয়েছে তা খুঁজে বের করতে। আর ওই নির্দেশের অংশ হিসেবে সাবেক বিচারমন্ত্রী রাচিদা দাতিকে হেনস্তা করেন গোয়েন্দা সংস্থার কর্মীরা। ওই দিন বেতারকেন্দ্রে সাক্ষাৎকার দিতে এসে কার্লা ব্রুনি এ খবরের সত্যতা নাকচ করেন। এর পরপরই ডিসিআরআইয়ের প্রধান বলেন, গত মার্চ মাসে ফরাসি পুলিশ বাহিনীর প্রধান তাঁকে এ ব্যাপারে তদন্ত করার নির্দেশ দিয়েছিলেন। টেলিগ্রাফ অনলাইন।