
২০০২ সালের গুজরাট দাঙ্গাকে ‘দুর্ভাগ্যজনক’ আখ্যা দিয়ে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সভাপতি রাজনাথ সিং বলেছেন, মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদিকে ওই ঘটনার জন্য দায়ী করা অন্যায়। তিনি কংগ্রেসসহ কয়েকটি দলকে দেশকে ধর্মের ভিত্তিতে বিভক্ত করার জন্য দায়ী করেন। গতকাল রোববার নয়াদিল্লিতে বিজেপির সংখ্যালঘু মোর্চার জাতীয় নির্বাহী সভার উদ্বোধনী অধিবেশনে এ কথা বলেন রাজনাথ সিং।
প্রধান বিরোধী দলের নেতা বলেন, ‘আমি স্বীকার করি যে গুজরাটে একটি দুর্ভাগ্যজনক ঘটনা ঘটেছিল। এটি যে দুর্ভাগ্যজনক, তা নিয়ে তো কারোরই দ্বিমত নেই। এ জন্য মুখ্যমন্ত্রীকে দোষারোপ করার চেষ্টা হয়েছে, যেন তিনিই ওই দাঙ্গার পরিকল্পনাকারী।’
রাজনাথ সিং আরও বলেন, মোদির সঙ্গে ব্যক্তিগত আলাপচারিতার সময় তিনি তাঁর মুখের অভিব্যক্তি বোঝার চেষ্টা করেন। ‘তাঁকে এ বিষয়ে খুবই ব্যথিত দেখায়। এসব লোকের সমস্যাটা কী? এরই নাম কি রাজনীতি?’ প্রশ্ন বিজেপিপ্রধানের।
রাজনাথ সিং বলেন, বিভিন্ন রাজ্যের মুসলমানদের জিজ্ঞেস করা উচিত, তারা বিজেপির শাসনে বৈষম্যের শিকার হয়েছে কি না। ব্রিটিশদের মতো ‘বিভক্ত এবং শাসন কর’ নীতি ‘অনুসরণের’ জন্য কংগ্রেসের তীব্র সমালোচনা করেন তিনি। বিজেপিপ্রধান আরও বলেন, কংগ্রেস ব্রিটিশদের আর কোনো নীতি গ্রহণ করুক আর না-ই, তারা অন্তত ‘বিভক্ত এবং শাসন কর’ নীতি গ্রহণ করেছে। কংগ্রেস এবং আরও কয়েকটি দল দেশে বিভেদের বীজ বপনের চেষ্টা করেছে। পিটিআই।