ভারতের ভয়াবহ গুজরাট দাঙ্গার একটি মামলায় গতকাল সোমবার ২১ জনকে দোষী সাব্যস্ত করেছেন আহমেদাবাদের বিশেষ আদালত। দাঙ্গা পরবর্তী সময়ে ১১ জন মুসলমান নিহত হওয়ার এক ঘটনায় ওই মামলা করা হয়। বিশেষ আদালত গতকাল ‘দিপদা দরজা মামলা’র রায় ঘোষণা করেন। দাঙ্গাকালে সহিংসতা ও হত্যার চেষ্টায় জড়িত থাকার অপরাধে ওই ২১ জনকে অভিযুক্ত করেন আদালত। তবে, হত্যাকাণ্ডসংশ্লিষ্ট প্রমাণাদি নষ্টের অভিযোগ থেকে তাঁদের সবাইকে রেহাই দেওয়া হয়েছে। এ ছাড়া, মামলায় কোনো হত্যাকাণ্ড কিংবা ফৌজদারি অপরাধ সংঘটনের অভিযোগ প্রমাণিত হয়নি।আদালতের বিচারক এস সি শ্রীবাস্তব মামলার ৬১ জন আসামিকে সব ধরনের অভিযোগ থেকে খালাস দেন। তাঁদের মধ্যে ৫১ ব্যক্তিকে পর্যাপ্ত তথ্য-প্রমাণের অভাবে আইনি সুবিধার আওতায় খালাস দেওয়া হয়। অভিযোগ থেকে মুক্তি পাওয়া ব্যক্তিদের মধ্যে ভারতের প্রধান বিরোধী দল বিজেপির সাবেক সাংসদ প্রহলাদ গোশা ও বিশনগর মিউনিসিপ্যালিটির সভাপতি দয়াভাই প্যাটেলও রয়েছেন।পুলিশের পরিদর্শক ও মামলার প্রথম তদন্তকারী কর্মকর্তা এম কে প্যাটেলকেও আদালত অভিযুক্ত করেছেন। দায়িত্ব যথাযথভাবে পালন না করায় তিনি অভিযুক্ত হন। ২০০২ সালে সংঘটিত গুজরাট দাঙ্গার মামলায় কোনো পুলিশ সদস্য হিসেবে তিনিই প্রথম অভিযুক্ত হলেন। কর্মকর্তারা জানান, দাঙ্গার ঘটনায় দায়ের হওয়া মোট নয়টি মামলার যেগুলোতে পুনরায় তদন্তকাজ চালানো হয়, এই মামলা তার মধ্যে পঞ্চম। ইতিপূর্বে চারটি মামলার রায়েও বিভিন্ন ব্যক্তিকে দোষী সাব্যস্ত করা হয়েছে। গতকাল রায় হওয়া মামলাটি ২০০২ সালের ২৮ ফেব্রুয়ারি করা হয়। মামলায় ৮৫ জনকে গুজরাটের উত্তরে বিশনগর এলাকায় চারটি শিশু ও পাঁচজন নারীকে হত্যার সঙ্গে জড়িত থাকার অভিযোগে আসামি করা হয়েছিল। তাঁদের মধ্যে এক আসামি অপ্রাপ্তবয়স্ক হওয়ায় এবং অপর একজন মারা যাওয়ায় ৮৩ জন চূড়ান্তভাবে বিচারের সম্মুখীন হন। টাইমস অব ইন্ডিয়া।