গুজরাট বিধানসভার নির্বাচনে দ্বিতীয় দফায় ভোট গ্রহণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের গুজরাট রাজ্যের বিধানসভা নির্বাচনে গতকাল সোমবার দ্বিতীয় দফায় ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী ও ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেতা নরেন্দ্র মোদি এই নির্বাচনে বিজয়ী হয়ে রাজ্যে টানা তৃতীয়বারের মতো ক্ষমতাসীন হওয়ার ব্যাপারে আত্মবিশ্বাসী।রাজ্যের বৃহত্তম বাণিজ্যিক নগর আহমেদাবাদে নিজের ভোট দেওয়ার পর নরেন্দ্র মোদি বলেন, ‘নির্বাচন খুবই শান্তিপূর্ণ হয়েছে। এই নির্বাচন ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। আমাদের অবস্থান সুশাসন ও উন্নয়নের পক্ষে। ভোটারদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এই নির্বাচনে আমাদের আবার ক্ষমতায় আসার সুযোগ দিয়ে ভোটাররা হ্যাটট্রিক করবেন। জনগণের মনোভাবে এই ইঙ্গিত স্পষ্ট হচ্ছে।’নির্বাচন কমিশন সূত্র জানায়, ৯৫টি আসনে গতকাল ভোট গ্রহণ শুরুর প্রথম তিন ঘণ্টায় ২১ শতাংশ ভোটার তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেন। ভোটদানের এই হার প্রথম দফায় নির্বাচনের তুলনায় বেশি। নির্বাচনের ফলাফল আগামী বৃহস্পতিবার ঘোষণার সম্ভাবনা রয়েছে।গুজরাটের নির্বাচনে মূলত কংগ্রেসের সঙ্গেই বিজেপির প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে। স্বাধীনতা-উত্তর ভারতে বেশির ভাগ সময়ই ক্ষমতাসীন ছিল কংগ্রেস। বর্তমানে ক্ষমতাসীন সংযুক্ত প্রগতিশীল মোর্চার (ইউপিএ) প্রধান শরিক দল সোনিয়া গান্ধীর নেতৃত্বাধীন কংগ্রেস। ভারতের পরবর্তী সাধারণ নির্বাচন ২০১৪ সালে অনুষ্ঠিত হবে। এতে বিজেপির পক্ষ থেকে প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসেবে নরেন্দ্র মোদির মনোনয়ন পাওয়ার সম্ভাবনা রয়েছে। অবশ্য প্রধানমন্ত্রী হওয়ার উচ্চাভিলাষ তিনি নিজে কখনো প্রকাশ করেননি। স্বাধীনতা-পরবর্তী ভারতে সবচেয়ে ভয়াবহ সাম্প্রদায়িক দাঙ্গায় মোদি জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে। এ কারণে তাঁকে মুসলিম সম্প্রদায় ও সেক্যুলার নাগরিকদের অনেকে ঘৃণা করে। গুজরাটে ২০০২ সালের ওই দাঙ্গায় অন্তত দুই হাজার মানুষ নিহত হয়েছিল। নিহতদের বেশির ভাগই ছিল মুসলমান। তবে ওই দাঙ্গায় জড়িত থাকার অভিযোগ মোদি বরাবরই অস্বীকার করেন। এএফপি ও পিটিআই।